কেন বার বার হামলার শিকার ফ্রান্স?
২০১৫ সালের জানুয়ারিতে ফ্রান্সের ব্যঙ্গচিত্র সাময়িকী শার্লি এবদুতে হামলার স্মৃতি এখনও তাজা। এরপর নভেম্বরে আবার হামলা হয় রাজধানী প্যারিসে। এখন আবার সর্বশেষ নিস শহরে দেশের জাতীয় দিবসে হামলায় স্বভাবতই প্রশ্ন উঠেছে, বার বার কেন হামলার শিকার হচ্ছে ফ্রান্স?
নিসে বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক হামলার পর প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ ফের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন। জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন তিন মাস।
ইসলামিক স্টেটসহ (আইএস) কোনও গোষ্ঠীই এখনও হামলার দায় স্বীকার না করলেও প্রেসিডেন্ট অলন্দ একে ‘সন্ত্রাসী’ হামলাই বলেছেন।
শার্লি এবদুর পর ফ্রান্সে এটি তৃতীয় বড় ধরনের হামলা। সাম্প্রতিক সময়ে অন্য কোনও ইউরোপীয় দেশ এতবড় হামলা প্রত্যক্ষ করেনি। ফলে ফ্রান্সই কেন এমন হামলার শিকার হচ্ছে তা এখন এক বড় প্রশ্ন।
এর উত্তর খুঁজতে গিয়ে কয়েকটি বিষয় চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা:
১. আইএস এর অপছন্দের সব বৈশিষ্ট্যই ফ্রান্সের আছে
উদার ও মুক্ত চিন্তা, খোলামেলা পরিবেশ, শিল্প, সাহিত্যের আধার ফ্রান্সকে আইএস কখনওই মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি।
গতবছর প্যারিসে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করার সময় আইএস ফ্রান্সের এ শহরটিকে ‘অনৈতিক কর্মকান্ড আর পতিতাবৃত্তির রাজধানী’ আখ্যা দেয়।
জঙ্গি এ গোষ্ঠীটি আরও বলেছিল, “ফ্রান্স এবং দেশটির পথ অনুসরণকারী সব দেশই ইসলামিক স্টেটের হামলার লক্ষ্যবস্তুর তালিকার শীর্ষে থাকবে।”
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ এবং ইন্টেলিজেন্ট রিস্কস (আইআর) এর প্রধান নির্বাহী কর্মকর্তা নেইল ফার্গুসের মতে, “উদারতা এবং গণতান্ত্রিক ও সামাজিক মূল্যবোধের উজ্জ্বল প্রতীক হওয়ার কারণেই ফ্রান্স আইএস-সংশ্লিষ্ট সন্ত্রাসী হামলার প্রধান লক্ষ্য।”
ফ্রান্সের উদার সংস্কৃতি, খোলামেলা আবহ এবং ব্যক্তিস্বাধীনতার ঐতিহ্য কট্টর জঙ্গিদের চক্ষুশূল হয়েছে।
২. বিশ্বব্যাপী ফ্রান্সের জঙ্গিবাদ দমন অভিযান
সাম্প্রতিক সময়ের ইরাক এবং সিরিয়া ছাড়াও গত দশকে আফগানিস্তানে নেটো সদস্যদেশ হিসাবে ফ্রান্স বহু বছর ধরেই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের সামনের সারিতে আছে।
সাম্প্রতিক সময়ে ১০ হাজারের বেশি ফরাসি সেনা বিদেশে মোতায়েন আছে। ৩ হাজার সেনা আছে পশ্চিম আফ্রিকায়, মধ্য আফ্রিকায় আছে ২ হাজার সেনা, ৩ হাজার ২শ’ সেনা আছে ইরাকে। প্যারিসে হামলাকারীদের একজনকে সিরিয়ার নাম নিয়ে হামলা চালাতে দেখা গেছে।
৩. দেশের ভেতরেই বেড়ে উঠেছে সন্ত্রাস
বৈষম্য ঘুচিয়ে বৃহত্তর ফরাসি জীবনধারার সঙ্গে মুসলিমদেরকে একাত্ম করে নিতে ফ্রান্সের ব্যর্থতার কারণে দেশের ভেতরেই বেড়ে উঠেছে সন্ত্রাসের বীজ।
ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্সেই মুসলিমের সংখ্যা বেশি (৭ দশমিক ৯ শতাংশ)। এদের বেশিরভাগই অভিবাসী। তিউনিসিয়া, আলজেরিয়ার মতো পিছিয়ে থাকা নানা দেশ থেকে উন্নত জীবনের খোঁজে বহু মুসলিম ফ্রান্সে গেলেও তাদের অনেকেরই স্বপ্ন পূরণ হয়নি।
ইউরোপের মূল সমাজব্যবস্থা থেকে তারা বিছিন্ন থেকে গেছে। পিছিয়ে গেছে নানা অর্থনৈতিক, সামাজিক সুযোগ-সুবিধা থেকে। ফরাসি সমাজে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে কোণঠাসা এই মুসলিমদের সহজেই দলে টানতে পারছে আইএস।
ফ্রান্সে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা চালানো বেশিরভাগ হামলাকারীই হয় প্রথম নয়ত দ্বিতীয় প্রজন্মের ফরাসি নাগরিক।
ফ্রান্স তাদেরকে মূলধারায় নিয়ে আসার উদ্যোগ নেয়নি। বরং ইসলাম নিয়ে শার্লি এবদুর ব্যাঙ্গচিত্রর মতো ঘটনাগুলোর কারণে ফ্রান্সের বৃহত্তর মুসলিম সমাজ হেয় হয়েছে।
ফলে ফ্রান্সের চেনা উদারনৈতিকতার ছবিটি গত দেড় বছরে পাল্টে গেছে। সর্বক্ষণের সঙ্গী এখন হয়েছে সন্ত্রাস আর আতঙ্ক।
৪. নিরাপত্তা ব্যবস্থায় শৈথিল্য
নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেমনভাবে সজাগ হয়নি ফ্রান্স। শৈথিল্য থেকেই গেছে। ফলে ফ্রান্স জিহাদিদের ঊর্বরভূমিতে পরিণত হয়েছে।
আমেরিকার নিরাপত্তা সংস্থাগুলো মতো তৎপরতা ফ্রান্সের দেখা যায়নি, বলছেন বিশেষজ্ঞরা। সমাজ-বিছিন্ন তরুণদের মধ্যে জিহাদি জোশ কিভাবে, কোথা থেকে আসছে তাও জানে না ফ্রান্স।
অধিকাংশ ফরাসির অভিযোগ, ফ্রান্স বিদেশে সন্ত্রাসের বিরুদ্ধে লড়লেও দেশের ভেতরে রয়ে গেছে সমস্যা। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সে বাইরের দেশ থেকে অস্ত্র পাচার এবং সন্ত্রাসী তৎপরতা চালানোর সুযোগ অপেক্ষাকৃত বেশি। ফ্রান্সের সীমান্ত সুরক্ষায় আছে ত্রুটি। ফলে প্যারিসে সন্ত্রাসী হামলা হওয়া যত সোজা, ইউরোপের অন্যান্য দেশে ততটা নয়।
বিশেষজ্ঞদের মতে, সিরিয়া ও ইরাকে আইএস ঘাঁটিতে আক্রমণ চালাতে ফ্রান্স যতটা তৎপর হয়েছে দেশের ভেতরে সেভাবে উদ্যোগী হয়নি। ফলে নভেম্বরে প্যারিসে হামলা হয়েছে।
৫. আইএস এর উত্থানে বেড়েছে জিহাদি জোশ
২০১৪ সালে আইএস এর উত্থানের পর তারা কেবল জিহাদ নয় বরং ‘ইসলামিক খিলাফত’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখাতে শুরু করায় সেই আকর্ষণে জিহিাদিরা দলে দলে তাদের সঙ্গে যোগ দিয়েছে।
ফ্রান্স থেকে সিরিয়ায় যাওয়ার হিড়িক পড়েছে। ইউরোপ থেকে যত জিহাদি সিরিয়া গেছে তার একটা বড় অংশই গেছে ফ্রান্স থেকে।
