২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেরিজা মে উবাচ

দ্বিতীয় নারী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যিনি, সেই টেরিজা মে’র নিজের সম্পর্কে মূল্যায়ন হল- রাজনীতিবিদ হিসেবে ‘আকর্ষণীয়’ কোনো ব্যক্তিত্ব তিনি নন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2016, 06:52 PM

Updated : 12 Apr 2022, 02:26 AM

নিজের মূল্যায়নে তিনি যেমনই হোন, পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে টেরিজা মে’র দিকে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যকে বের করে নিয়ে দেশকে তিনি কোন পথে নিয়ে যান, তাই দেখার অপেক্ষা এখন। 

ধর্মযাজক বাবার কন্যা টেরিজা মে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিষয়ে পড়া শেষ করে পেশা জীবনের শুরুতে ছিলেন ব্যাংকার। ১৯৯৭ সালে পশ্চিম লন্ডনের মেইডেনহেডে আইনজীবী হিসেবে কাজ শুরুর আগ পর্যন্ত তিনি ছিলেন ব্যাংক অব ইংল্যান্ডের ফিনানশিয়াল কনসালটেন্ট।

২০০২ সালে কানজারভেটিভ পার্টির চেয়ারম্যান হন মে। দলটিকে মানুষ ‘বাজে একটি দল হিসেবে দেখে’ দলীয় সম্মেলনে এমন মন্তব্য করে সে সময় আলোচনায় আসেন তিনি। ২০১০ সালে পান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব।

কেবল নিজের সম্পর্কে নয়, ব্রেক্সিট, ব্রিটেনের অর্থনীতি, বাণিজ্য, বাজার ব্যবস্থা, প্রতিরক্ষা- বিভিন্ন বিষয়ে মে’র ভাবনা প্রকাশ পেয়েছে গত কয়েকদিনে তার বিভিন্ন বক্তব্যে।

# ব্রেক্সিট: ব্রেক্সিট মানে ব্রেক্সিটই। আমি মনে করি না এখন জনগণকে ব্রেক্সিটের পক্ষে-বিপক্ষের হিসেবে দেখা উচিত। আমাদের এখন ইইউ থেকে ভালোভাবে বের হয়ে আসার কাজটি করতে হবে এবং আমি নিশ্চিত আমি সেটা করতে পারব।

# বাণিজ্য: আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক বিষয়ে আলোচনা করা এবং সঠিক বিষয় হচ্ছে (ইউরোপীয়দের) মুক্ত চলাচল নিয়ন্ত্রণ। কিন্তু আমাদের বাণিজ্য, পণ্য রপ্তানি এবং সেবার বিষয়েও সঠিক আলোচনা নিশ্চিত করতে হবে।

# অর্থনীতি: অর্থনীতিকে অনিশ্চয়তা থেকে বের করে আনা, শক্তিশালী করা, উৎপাদনের দীর্ঘদিনের সমস্যার সমাধান, ভালো বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ইইউ থেকে বেরিয়ে আসতে ব্রিটেনের পক্ষ থেকে কার্যকর শর্ত আরোপ এবং বিশ্বে ব্রিটেনের নতুন ভূমিকা তুলে ধরার পরিকল্পনাগুলো আমি আগামী দিনগুলোতে ঠিক করব।

# প্রতিরক্ষা: কানজারভেটিভ দল সরকার হিসেবে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেবে।… বিশেষ করে এখানে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

# করপোরেট গভর্নেন্স: আমরা পুরো ব্যবস্থাই বদলে দেব। আমরা কোম্পানির পর্ষদে শুধু ভোক্তাদেরই রাখব না, সেখানে কর্মীরাও থাকবেন।

# কর: … প্রধানমন্ত্রী হিসেবে আমি ব্যক্তি খাতের এবং করপোরেট কর খেলাপিদের বিরুদ্ধে অভিযান চালাব।

টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত মেকে দিনে বেশ দুইবার ইনসুলিন নিতে হয়। নিজেকে একজন ধর্মপ্রাণ খ্রিস্টান মনে করা মে অবশ্য ব্যক্তিগত জীবনকে ‘ব্যক্তিগত’ মোড়কেই রাখতে বেশি পছন্দ করেন।

এ প্রসঙ্গে তার মন্তব্য- “আমি আমরা ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করি। আমাদের সন্তান নেই, এটা আমরা মেনে নিয়েছি। আশা করি কেউ এটিকে গুরুত্বপূর্ণ ভাববেন না। আমি সহানভূতিশীল, অন্যকে বুঝতে পারি এবং সততা ও সুযোগের ব্যাপারে সচেতন।”