ক্যামেরন যাচ্ছেন, থাকছে ল্যারি
লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তার বসবাস; এতোদিনের প্রধানমন্ত্রীকে সরে যেতে হলেও ওই বাড়িতেই বহাল থাকছে ল্যারি।
বুধবার রানির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়বেন কনজারভেটিভ নেতা ডেভিড ক্যামেরন। আর ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ওই বাড়ির নতুন বাসিন্দা হচ্ছেন টেরিজা মে।
যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, “ল্যারি সরকারি বিড়াল, ক্যামেরনের ব্যক্তিগত প্রাণি নয়। সুতরাং সে থাকছে।”
২০১১ সালে টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মধ্যে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দড়জায় বিরাট এক কালো ইঁদুরের মুখ দেখা যাওয়ার পর বাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে ওই বাড়িতে ল্যারির আগমণ।
এর পর থেকে ধূসর-সাদা ডোরাকাটা এই পুরুষ বিড়ালকে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বহু ছবিতে উঁকি দিতে দেখা গেছে।
ইঁদুর ধরার কাজে দক্ষতার কারণে ল্যারিকে আদর করে বলা হয় ব্রিটেনের মন্ত্রিপরিষদ বিভাগের ‘প্রধান শিকারি বিড়াল’।
ল্যারির নামে একটি আনঅফিশিয়াল টুইটার অ্যাকাউন্টও আছে, যেখানে অনুসারীর সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি।
নতুন প্রধানমন্ত্রী টেরিজা মের প্রতি ইঙ্গিত করে সোমবার ল্যারির হয়ে এক টুইটে সেখানে বলা হয়, “তোমরা কি কেউ বলতে পার, ভালো কোনো বিড়ালের শিক্ষক কাল ফ্রি আছেন কি না? বুধবার আমার একজনকে পটাতে হবে।”
