২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি

দক্ষিণ সুদানে চারদিনের প্রচণ্ড লড়াইয়ের পর রাজধানী জুবায় যুদ্ধবিরতি শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2016, 06:51 PM

Updated : 12 Apr 2022, 02:26 AM

শহরটিতে শান্ত অবস্থা বিরাজ করছে। আকাশে হেলিকপ্টার গাণশিপের চক্কর কিংবা রাস্তায় ট্যাংকের গর্জে ওঠার কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

প্রেসিডেন্ট সালভা কির ও তার প্রতিপক্ষ ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখার সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতি ঘোষণা করেন। সোমবার থেকে কার্যকর হয়েছে এ যুদ্ধবিরতি।

এই দুই প্রতিপক্ষের অনুগত সেনাদের লড়াইয়ে দক্ষিণ সুদানের সাম্প্রতিক শান্তিচুক্তি হুমকির মুখে পড়েছিল।

২০১১ সালে দক্ষিণ সুদান স্বাধীন হয়। কিন্তু দেশটি গৃহযুদ্ধ পীড়িত হয়েছে।

সাম্প্রতিক সংঘর্ষে দেশটি আবার যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার অবস্থায় চলে যাওয়ার পর সংঘর্ষ বন্ধে প্রচণ্ড চাপের মুখে পড়েন সালভা কির এবং মাখার।

জাতিসংঘ বলেছে, লড়াইয়ে ৩৬ হাজার মানুষ গৃহহীন হয়েছে। এর মধ্যে ৭ হাজার জন জাতিসংঘ কম্পাউন্ডগুলোতে আশ্রয় নিয়েছে।

গত বৃহস্পতিবার জুবায় প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাখারের অনুগত সেনাদের মধ্যে লড়াই শুরু হয়। শুক্রবারও দুপক্ষের মধ্যে লড়াই অব্যাহত ছিল।

শনিবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও রোববার শহরের জাতিসংঘ ভবনের সামনে ফের দুপক্ষের মধ্যে তীব্র লড়াই হয়।