যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করল তিনটি দেশ
পুলিশের গুলিতে কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে সৃষ্ট বিক্ষোভ-সহিংসতার মধ্যে দেশটিতে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে বাহরাইন, বাহামা ও সংযুক্ত আরব আমিরাত।
সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা দেশগুলো ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করে নিয়মিত ভ্রমণ সতর্কতা জারি করে থাকে যুক্তরাষ্ট্র। এসব সতর্কতার মধ্যে ওই দেশগুলোতে ভ্রমণ এড়িয়ে যেতে অথবা ভ্রমণের সময় সতর্ক থাকতে নাগরিকদের পরামর্শ দেয় দেশটি।
এবার যুক্তরাষ্ট্র নিজেই বিদেশি সরকারদের ভ্রমণ সতর্কতা জারির কারণ হল। দেশটির লুইজিয়ানা ও মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এতে কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটছে।
টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এ রকম এক প্রতিবাদ বিক্ষোভ চলার সময় বৃহস্পতিবার এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর সাতজন আহত হন।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ছোট দ্বীপরাষ্ট্র বাহরাইন যুক্তরাষ্ট্র ভ্রমণরত নিজ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
শনিবার এক ট্যুইটার বার্তায় দেশটি তার নাগরিকদের ‘যুক্তরাষ্ট্রে যেসব প্রতিবাদ চলছে এবং যেখানে লোক সমাগম ঘটছে’ সেসব জায়গাগুলো এড়িয়ে চলার ও সেগুলোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
ক্যারিবীয় দেশ বাহামা শুক্রবার যুক্তরাষ্ট্রের যে শহরগুলোতে ‘তরুণ কৃষ্ণাঙ্গদের লক্ষ্য করে পুলিশ কর্মকর্তারা গুলির্বষণ করার’ ফলে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়েছে সেসব শহরে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে। বাহামার অধিকাংশ নাগরিক আফ্রিকান বংশোদ্ভূত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সহিংসতা কবলিত শহরগুলোতে নিজ দেশের তরুণ ছেলেদের ‘পুলিশের মুখোমুখি হলে অত্যন্ত সতর্ক’ থাকার পরামর্শ দিয়ে ‘পুলিশের সঙ্গে বিবাদে না জড়িয়ে তাদের সঙ্গে সহযোগিতা’ করার আহ্বান জানিয়েছে।
অপরদিকে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সতর্কতা জানানোর ভাষা প্রায় অনুসরণ করে যুক্তরাষ্ট্রে থাকা নিজ দেশের শিক্ষার্থী ও অন্যান্য নাগরিকদের সতকর্ থাকার পরামর্শ দিয়েছে।
দেশটির ওয়াশিংটন দূতাবাস এক বিবৃতিতে নিজ দেশের নাগরিকদের উদ্দেশে বলেছে, “আপনার চারপাশ সম্পর্কে সতর্ক থাকুন ও সম্ভব হলে ভিড় এড়িয়ে চলুন। বড় ধরনের উৎসব ও অনুষ্ঠানের সময় নির্দিষ্ট সতর্কতা বজায় রাখুন। সব সময় সতর্ক থেকে নিরাপদ থাকুন।”
চলতি জুলাই মাসেই যুক্তরাষ্ট্র বাংলাদেশ, ভেনেজুয়েলা, ইরাক ও মালিতে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে।
