কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে টানা বিক্ষোভ, ব্যাপক ধরপাকড়
যুক্তরাষ্ট্রের ডালাসে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা নিহত হওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে মিনেসোটা ও লুইজিয়ানায় পুলিশের দুই কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে।
কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্মমতার বিচারের দাবিতে টানা তিনদিন ধরে বিক্ষোভ চলছে।
পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
বিক্ষোভের প্রথম দিন বৃহস্পতিবার রাতে ডালাসে বিক্ষোভ চলাকালে কৃষ্ণাঙ্গ এক বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও সাতজন আহত হয়।
ওই ঘটনার পর বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসি-র মত বড় বড় মেট্রোপলিটন শহরগুলোতেও মিছিল করা শুরু করে।
মঙ্গলবার লুইজিয়ানার ব্যাটন রুজে ৩৭ বছর বয়সী অ্যাল্টন স্টের্লিংকে গুলি করে হত্যা করে পুলিশ। পরদিন রাতে মিনেসোটার শহরতলী সেন্ট পলে পুলিশের গুলিতে গুরুতর আহত ফিলান্ডো ক্যাস্টিল (৩২) হাসপাতালে মারা যান।
শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা টুইন সিটির প্রধান সড়ক অবরোধ করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর, পানির বোতল ও ইটের টুকরা ছুঁড়ে মারে।
সেন্ট পল পুলিশ জানায়, এতে অন্তত তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধোঁয়া বোমা ও রাবার বুলেট ব্যবহার করে।
ডজন খানেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুনরায় যান চলাচলের জন্য রোববার ভোর থেকে সড়কটি পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
ব্যাটন রুজে ব্ল্যাক প্যান্থার কর্মীদের সঙ্গে দাঙ্গা পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের অনেকের হাতে শটগান ছিল। লুইজিয়ানায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন বৈধ।
সন্ধ্যায় হাতাহাতির ওই ঘটনার পর পুলিশ প্রায় ৩০ জন ব্ল্যাক প্যান্থারকর্মীকে অস্ত্রসহ আটক করেছে, তাদের মধ্যে বাল্টিমোরের সাবেক মেয়র প্রার্থী ডেরে ম্যাককেসনও রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, শনিবার নাশভিলেও বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে কয়েকশ বিক্ষোভকারী সিটি হল থেকে মিছিল করে ইউনিয়ন স্কয়ারে যায়। এ সময় তারা ফিফথ অ্যাভিনিউ বন্ধ করে দেয়।
বৃষ্টির মধ্যে মিছিলকারীরা বর্ণবাদবিরোধী স্লোগান দিয়ে চিৎকার করতে থাকে।
নিউ ইয়র্ক পুলিশ জানায়, নগরের গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করার অভিযোগে তারা কয়েকজনকে আটক করেছে।
