প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন লাদেনপুত্র
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন আল-কায়দা প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন।
অনলাইনে পোস্ট করা ‘আমরা সবাই ওসামা’ শিরোনামের একটি অডিও বার্তায় হামজা যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
মার্কিন ‘সাইট ইনটেলিজেন্স গ্রুপ’ হামজার ২১ মিনিটের এ অডিও বার্তাটি প্রকাশের খবর দিয়েছে।
এ বার্তায় হামজার হুমকি, “আপনাদের দেশের মাটিতে বা বিদেশে, যেখানেই হোক, আপনাদের উপর আক্রমণ চলতেই থাকবে।
“ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, সোমালিয়া ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের জনগণের উপর আপনারা যে নিপীড়ন চালাচ্ছেন তারই বদলা নেব আমরা।”
তিনি আরও বলেন, “এটা শুধু ব্যক্তি ওসামার জন্য প্রতিশোধ নয়, বরং ইসলামকে রক্ষা করার জন্য যারাই লড়াই করেছে, এটি তাদের সবার হয়ে প্রতিশোধ।”
পাকিস্তানে আত্মগোপনে থাকা অবস্থায় ২০১১ সালে যুক্তরাষ্ট্রের কমান্ডোরা ওসামা বিন লাদেনকে হত্যা করে। তার মৃত্যু আল কায়দার জন্য ছিল এক বিশাল ধাক্কা। এতে করে সংগঠনটি দুর্বল হয়ে পড়ে।
হামজা ইরানে গৃহবন্দি ছিলেন। মার্কিন গোয়েন্দারা বলছেন, এখন ওসামাপুত্র হামজা বিন লাদেনকে ঘিরেই নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে আল কায়দা।
এ মুহূর্তে আল কায়দার নেতৃত্ব দিচ্ছেন আয়মান আল-জাওয়াহিরি। তিনি নতুন এবং তরুণ মুখ হিসাবে হামজাকে সামনে আনতে চাইছেন।
