স্পেনে ষাঁড়ের গুঁতোয় ম্যাটাডোর নিহত
স্পেনে ষাঁড়ের লড়াইয়ে একজন পেশাদার বুলফাইটার (ম্যাটাডোর) ও ষাঁড়ের দৌড়ে অপর এক ব্যক্তি ষাঁড়ের গুঁতোয় নিহত হয়েছেন।
দুটি ঘটনাই ঘটেছে শনিবার। এছাড়া একইদিন দেশটির পাম্পলোনা শহরে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি উৎসবে ষাঁড়ের দৌঁড়ে আরো দুজন ষাঁড়ের গুঁতায় আহত হয়েছেন।
স্পেনের পূর্বাঞ্চলীয় অ্যারাগন এলাকার তেরুয়েল টাউনে একটি ষাঁড়ের লড়াই চলাকালে ষাঁড়ের শিং ম্যাটাডোর ভিক্তর ব্যরিওর (২৯) বুকে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দর্শকদের সামনেই এ ঘটনা ঘটে।
ষাঁড়ের লড়াইটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছিল। তাই ভিক্তরের মৃত্যুর ঘটনাটি টেলিভিশন দর্শকরাও সরাসরি দেখতে পায়।
মাদ্রিদের লাস ভেন্তাস বুলরিং এর ওয়েবসাইটে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ২০১০ সালে এই কোম্পানির হয়েই ভিক্তর শিক্ষানবিশ বুলফাইটার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। চলতি শতাব্দিতে ষাঁড়ের লড়াই চলাকালে এটাই রিংয়ের ভিতরে স্প্যানিশ কোনো ম্যাটাডোরের প্রথম মৃত্যুর ঘটনা।
পাম্পলোনার বিখ্যাত সান ফের্মিন উৎসবে ষাঁড়ের দৌঁড়ের সময় দুজন আহত হন। ছবি: রয়টার্স
পাম্পলোনার বিখ্যাত সান ফের্মিন উৎসবে ষাঁড়ের দৌঁড়ের সময় ষাঁড়ের গুঁতায় ৩৩ বছর বয়সী এক জাপানি পর্যটক ও ২৪ বছর বয়সী এক স্পেনীয় নাগরিক আহত হয়েছেন। এছাড়া আরো ১২ জন সামান্য আঘাত পেয়েছেন।
হাসপাতালে ভর্তি বুকে আঘাত পাওয়া জাপানি নাগরিকের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন উৎসবের এক মুখপাত্র।
গ্রীষ্মকালে স্পেনের বহু শহরে বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়। এর অনেকগুলোতেই ষাঁড়ের দৌঁড় অন্তর্ভুক্ত। এতে প্রতি বছরই বেশ কয়েকজন নিহত হন।
