তাইওয়ানে ট্রেনে বিস্ফোরণ: সন্দেহভাজনের নাম প্রকাশ
তাইওয়ানের রাজধানী তাইপেতে একটি ব্যস্ত কম্যুটার ট্রেনে পাইপ বোমা বিস্ফোরণের সন্দেহভাজন মূল হোতার নাম প্রকাশ করেছে পুলিশ।
ওই বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারীসহ অন্ততপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বিবিসি বলছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম লিন ইঙ-চ্যাঙ নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। যিনি নিজেও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ বলছে, হাসপাতালে চিকিৎসাধীর ওই ব্যক্তি এখনো অচেতন অবস্থায় রয়েছেন।
বিবিসি বলছে, বৃহস্পতিবার দিন শেষে মধ্যরাতের আগে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ওই ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে বিস্ফোরিত পাইপের অংশবিশেষে পাওয়া ছাপের মিল খুঁজে পেয়েছে।
কম্যুটার ট্রেনের যে বগিতে এটি বিস্ফোরিত হয়েছে সেখানে আহত লিন ইঙ চ্যানের পাশেই এটি পড়েছিল।
এই বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমন কি কোনো গোষ্ঠীর হয়ে নাকি ব্যক্তিগতভাবেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ট্রেনে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে পুলিশ। ছবি: রয়টার্স
স্থানীয় গণমাধ্যমে পুলিশ ট্রেনের ভেতরে বিস্ফোরক দ্রব্যসহ একটি ভাঙা টিউব পাওয়ার কথা জানিয়েছিল।
তাইওয়ানের প্রধানমন্ত্রী লিন চুয়ান এই ঘটনাকে ‘বিদ্বেষপ্রসূত’ বলে ধারণা প্রকাশ করেছেন।
পুলিশের বোমা নিষ্কিয়করণ স্কোয়াডের প্রধান লি তিজু-ওয়েন বলেন, তদন্তে দেখা গেছে ১৫ সেন্টিমিটার লম্বা ভাঙা ধাতব একটি টিউব বিস্ফোরকসহ একটি কাঁধে ঝোলানোর কালো রঙের ব্যাগের ভেতরে রয়েছে। তাদের ধারণা এ থেকেই বিস্ফোরণটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী একজন যাত্রী স্থানীয় চ্যানেলে বলেন, “একটি বিস্ফোরণের শব্দ হল আর এর পরপরই আশপাশের সবকিছু অন্ধকার হয়ে গেল। মানুষের আতঙ্কিত হয়ে চিৎকার করছিল।”
অপর একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটার কিছুক্ষণ আগে তিনি এক ব্যক্তিকে আয়তাকার একটি বস্তু বহন করতে দেখেন।
