২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখনো ওবামাকে পছন্দ বিশ্ববাসীর’

বারাক ওবামার দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্বের মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 01:49 PM

Updated : 12 Apr 2022, 02:25 AM

বিবিসি বলছে, বিশ্বের কয়েকটি দেশের ১৮ হাজার মানুষের উপর চালানো এই জরিপের মাধ্যমে এমন চিত্রই উঠে এসেছে।

গ্লোবস্ক্যান নামক একটি জরিপ প্রতিষ্ঠান বিশ্বের ১৯টি দেশে ওবামাকে নিয়ে জরিপ চালায়। তাতে ১৮টি দেশের ৭০ শতাংশ মানুষ ওবামার নির্বাচিত হওয়া ভালো বিষয় ছিল বলে জানিয়েছেন।

তবে শুধু রুশরা ওবামার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তাদের মধ্যে মাত্র ১৮ শতাংশ মানুষ ওবামার নির্বাচিত হওয়াকে সমর্থন জানিয়েছেন।

ওবামার প্রতি জোড়ালো সমর্থন রয়েছে যেসব দেশে সেগুলোর মধ্যে কেনিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য।

একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে কিনা, জরিপে এই প্রশ্নও রাখা হয়েছিল। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মানুষই তাতে ‘হ্যাঁ’ বলেছেন। তবে তা ইতিবাচক নাকি নেতিবাচক হবে সে ব্যাপারে তারা কেউই নির্দিষ্ট করে কিছু বলেননি।

২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত বিশ্বব্যাপী ১৮ হাজার মানুষ এই জরিপে অংশ নেয়।

গেল সপ্তায় পিউ রিসার্চের বিশ্বব্যাপী চালানো এক জরিপেও বারাক ওবামার প্রতি জোড়ালো সমর্থন পাওয়া গেছে।