ইন্দোনেশিয়ায় থানায় আত্মঘাতী বোমা হামলা
ইন্দোনেশিয়ায় একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে করে সোলো শহরের একটি পুলিশ স্টেশনে আসে এবং নিজেকে উড়িয়ে দেয়।
হামলাকারী সোলো পুলিশ স্টেশন প্রাঙ্গণে প্রবেশের পরপরই নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। যে পুলিশ কর্মকর্তা তাকে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন।
হামলাকারীর পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত হামলার দায়ও কেউ স্বীকার করেনি।
তবে হামলার পর মেট্রো টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির গোয়েন্দা প্রধান বলেন, “হামলাকারী ইসলামিক স্টেটের সমর্থক হতে পারেন।”
এ হামলার পর প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশাবাসীকে শান্ত থাকার অনুরোধ করেছেন এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
সোলো শহরের সাবেক মেয়র উইদোদো এই শহরেই বেড়ে উঠেছেন।
বিশ্বের মধ্যে ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলিমদের বাস।
মুসলিমদের পবিত্র মাস রমজান এবং সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উদযাপন উপলক্ষ্যে ইন্দোনেশিয়ার মসজিদ, গির্জা, শপিংমল ও বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশের মুখপাত্র আগুস রিয়ান্ত বলেন, “জনসমাগম স্থলের নিরাপত্তা বাড়াতে ওইসব স্থান ঘিরে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।”
২০০০ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি নৈশক্লাবে বোমা হামলায় ২০২ জনের মৃত্যু হয়।
তারপর থেকে দেশটির সরকার জঙ্গি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং সফলতার পরিচয় দেয়।
কিন্তু এ বছর জানুয়ারিতে রাজধানী জাকার্তায় পরপর বোমা ও বন্দুক হামলায় চার জঙ্গিসহ মোট আট জন প্রাণ হারায়।
