লন্ডনে ব্রেক্সিটের বিপক্ষে বিক্ষোভ
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে লন্ডনজুড়ে বিক্ষোভ করেছে হাজারো মানুষ।
বিবিসি জানায়, স্যোশাল মিডিয়ায় আয়োজিত 'মার্চ ফর ইউরোপ' সমাবেশে বিক্ষোভকারীরা 'ব্রিমেইন' আর 'উই লাভ ইইউ' প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে।
গত ২৩ জুন ইইউ’য়ে যুক্তরাজ্যের থাকা না থাকার প্রশ্নে গণভোট হয়। এতে ব্রেক্সিটের পক্ষে পড়ে ৫১ শতাংশ এবং বিপক্ষে পড়ে ৪৮ শতাংশ ভোট।
এরপরই পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ভার ছেড়ে দেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর।
লন্ডন মার্চের এক আয়োজক বলেন, বিক্ষোভকারীরা ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা থেকে সরকারকে বিরত রাখতে চাইছে।
বিক্ষোভকারীরা পার্ক লেনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা পার্লামেন্টের সামনে গিয়ে বিক্ষোভ করে। ইয়র্কেও একটি বিক্ষোভ-সমাবেশ হয়।
