২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবকে দ্বীপ হস্তান্তরে বাধা মিশরীয় আদালতের

মিশরের অধীন লোহিত সাগরের দুটো দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে মিশরের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 09:25 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি এপ্রিলে সৌদি আরব সফরে গিয়ে বাদশাহ সালমানকে বলেছিলেন যে, তিনি  সানাফির ও তিরান নামের দুটো দ্বীপ ফিরিয়ে দেবেন।

কিন্তু মিশরে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়  এবং এর পরিপ্রেক্ষিতে ১৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। যদিও পরে অনেককে মুক্তি দেওয়া হয়েছে এবং অনেকে আবেদন করে সাজা কমিয়ে নিতে পেরেছে।

বিষয়টি নিয়ে মামলাও হয়েছে। সেই মামলার রায়ে এখন মিশরের স্টেট কাউন্সিল নামক প্রশাসনিক আদালত প্রেসিডেন্ট সিসির সিদ্ধান্ত খারিজ করে রায় দিয়েছে, দ্বীপ দুটি মিশরের অধীনই থাকবে।

তবে মঙ্গলবারের এ রায় চূড়ান্ত নয় এবংউচ্চ আদালত রায় উল্টে দিতে পারে বলে জানিয়েছে বিবিসি।

তিরান ও সাফির আকাবা উপসাগরের মুখে অবস্থিত। ইসরায়েল লোহিত সাগরে ঢোকার জন্য এ জলপথ ব্যবহার করায় এ জায়গাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ । দ্বীপগুলো জর্ডান, মিশর এবং সৌদি আরবেরও সীমান্ত ঘেঁষে রয়েছে।

বলা হয়, দ্বীপ দুটির মূল মালিক সৌদি আরব, তারাই মিশরকে এগুলো পাহারার দায়িত্ব দিয়ে রেখেছে। সৌদি আরবের অনুরোধে ১৯৫০ সাল থেকে দ্বীপগুলোতে মোতায়েন আছে মিশরীয় সেনা।

১৯৮২ সাল থেকে সেখানে কিছু মিশরীয় সামরিক কর্মকর্তা এবং জাতিসংঘের শান্তিরক্ষীও মোতায়েন আছে। তাছাড়া, দ্বীপদুটিতে জনবসতি নেই।

ইসরাইল ১৯৫৬ এবং ১৯৮২ সালে দুবার দ্বীপ দুটি দখল করেনেওার পরআবার  এগুলোমিশরকে ফেরত দেয়।

এরপর এ বছর এপ্রিলে মিশরের প্রেসিডেন্ট সিসি দ্বীপ দুটি সৌদি আরবকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার শিকার হন।