চীনে বন্যায় প্রাণহানি ২২, নিখোঁজ ২০
দক্ষিণ চীনের জিয়াংসি প্রদেশে গত কয়েকদিনের বন্যায় অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে।নিখোঁজ রয়েছে আরও ২০ জন। দেশটির সরকার একথা জানিয়েছে।
আগামী তিনদিন বৃষ্টি চলবে বলেও পূর্বাভাস রয়েছে। আটটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২ লাখ মানুষকে।
সিনহুয়া জানায়, ঝড়ের কারণে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। ধসে গেছে ১০ হাজার ৫শ’ বাড়ি। মোট ক্ষতি হয়েছে ৭ কোটিরও বেশি ইউয়ান।
জিয়াংসি প্রদেশের বোয়াং শহরের অধিকাংশ এলাকা পানির নিচে চলে গেছে। চীনের হুবেই প্রদেশেরও বহু এলাকা তলিয়ে গেছে। দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ।
