সিরিয়ায় তুর্কি ও জোট বাহিনীর হামলায় ২৩ আইএস জঙ্গি নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা ও সীমান্তের ওপার থেকে তুর্কি সামরিক বাহিনীর গোলাবর্ষণে ইসলামিক স্টেটের (আইএস) ২৩ জঙ্গি নিহত হয়েছেন।
সোমবার হেবারতুর্কের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
তুরস্কে হামলা চালানোর প্রস্তুতিরত জঙ্গিদের ৩৩টি লক্ষ্যে হামলা চালানো হয় বলে প্রতিবেদনে বলা হয়।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে তুর্কি সীমান্তরক্ষীদের গুলিতে চার শিশুসহ অন্ততপক্ষে আটজন সিরীয় নিহত হয়েছেন।
যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যের ভিত্তিতে তৈরি করা ওই প্রতিবেদনে এ ঘটনায় আরো আটজন আহত হওয়ার কথা জানানো হয়েছে।
নিহতদের মধ্যে চারশিশু ছাড়াও তিন নারী ও এক পুরুষ রয়েছেন বলে জানিয়েছে অবজারভেটরি।
আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জিসর আল শুগৌরের উত্তর দিকের সীমান্তে এ ঘটনা ঘটেছে।
সিরিয়ার অন্যান্য সরকারবিরোধী দলগুলো তুর্কি সীমান্ত রক্ষীদের গুলিতে নিহতের সংখ্যা ১১ বলে দাবি করেছে।
তুর্কি সামরিক বাহিনী দাবি করেছে, রক্ষীরা সতর্ক করে গুলি ছোঁড়ার পর সিরীয় শরণার্থীরা ছত্রভঙ্গ হয়ে লুকিয়ে পড়ে।
তুরস্ক দাবি করেছে, এ ঘটনায় তাদের অন্যায্যভাবে অভিযুক্ত করা হচ্ছে, কারণ সিরীয় শরণার্থীদের ইউরোপে যাওয়া রোধ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রচণ্ড চাপে আছে তারা।
সিরিয়ার গৃহযুদ্ধের কারণে দেশটি থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের মধ্যে ২৭ লাখেরও বেশি তুরস্কে আশ্রয় নিয়েছে। শরণার্থীর স্রোত ঠেকাতে কয়েক মাস আগে সীমান্ত বন্ধ করে দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।
চলতি বছরের শুরু থেকে তুরস্কে পালানোর চেষ্টাকালে এ পর্যন্ত ৬০ জন বেসামরিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি।
