২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিংহের মুখ থেকে ছেলেকে ছিনিয়ে আনলেন মা

নিজের পাঁচ বছরের ছেলেকে পাহাড়ি সিংহের মুখ থেকে ছিনিয়ে এনে রক্ষা করেছেন যুক্তরাষ্ট্রের এক মা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 03:35 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের উত্তর অ্যাস্পেন এর লোয়ার উড ক্রিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি, ওয়াশিংটন পোস্ট।

ওই মা তার উড ক্রিকের বাড়িতে ছিলেন। তার দুই ছেলে বাড়ির পেছনে উঠানে খেলছিল। এমন সময় ছেলেদের চিৎকার শুনতে পান তিনি।

ঘর থেকে দৌঁড়ে বের হয়ে তিনি দেখেন, একটি পাহাড়ি সিংহ তার পাঁচ বছরের ছেলেকে ধরে রেখেছে। এই দেখে ভয় না পেয়ে দৌঁড়ে গিয়ে সিংহের সঙ্গে লড়াই শুরু করেন ওই মা।

ওই নারীর বরাতে পিটকিন কাউন্টির ডেপুটি শেরিফ মাইকেল বাগলিওনি জানান, তিনি এক হাতে একটি সিংহের থাবা চেপে ধরে ডান হাতে ওই সিংহের মুখে ঘুষি মারেন, সিংহের মুখ থেকে ছেলের মাথা মুক্ত করার চেষ্টায় অনবরত ঘুষি মারাতে থাকেন তিনি।

বাগলিওনি বলেন, “পাহাড়ি সিংহটির কাছ থেকে ছেলেকে মুক্ত করেন তিনি।”

ছেলেকে উদ্ধার করার চেষ্টার সময় হাতে সিংহের কামড় ও পায়ে সিংহের থাবার আঘাত পান মা, আর শিশুটি ‍মুখে, মাথায় ও ঘাড়ে আঘাত পায়। 

ওই নারীর তীব্র প্রতিরোধের মুখে প্রায় দুই বছর বয়সী সিংহটি পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আহত শিশুটির বাবা নিজে গাড়ি চালিয়ে ছেলে ও তার মাকে হাসপাতালে নিয়ে যান এবং পুলিশ ফোন করেন।

অ্যাস্পেন ভ্যালি হাসপাতাল জানিয়েছে, পাঁচ বছরের শিশুটি ভাল আছে এবং তাকে ডেনভারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে, আর চিকিৎসার পর তার মাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

পরে বন্যপ্রাণী কর্মকর্তারা দুটি সিংহকে গুলি করে মারেন।

তারা জানিয়েছেন, অল্প বয়সী একটি সিংহকে বাড়িটির কাছে গুলি করে মারা হয় এবং কয়েক ঘন্টা পর দ্বিতীয় আরেকটিকে একই এলাকায় পাওয়ার পর মারা হয়।

কালরাডোতে চার হাজার ৫০০ পাহাড়ি সিংহ আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।