ব্রিটিশ এমপি হত্যার উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি জো কক্স একটি বিচ্ছিন্ন ঘটনার শিকার হলেও হামলাটি হয়েছে তাকে লক্ষ্য করেই। বলছে, ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশ।
বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে ৪১ বছর বয়স্ক নারী সংসদ সদস্য জো কক্স কে গুলি ও ছুরি মেরে খুন করা হয়।
হত্যাকাণ্ডের পরই গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পুলিশ না জানালেও ব্রিটিশ সংবাদ মাধ্যম তার নাম টমি মেয়ার বলে জানিয়েছে । খুনের উদ্দেশ্য কি পুলিশ তা খতিয়ে দেখতে শুরু করেছে।
সিএনএন জানিয়েছে, ঘটনার তদন্তে আটক ব্যক্তির উগ্র ডানপন্থী দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছেন কর্মকর্তারা।
এর আগে এক খবরে উগ্রবাদী গোষ্ঠীগুলোর ওপর নজরদারিতে নিয়োজিত একটি নাগরিক অধিকার গ্রুপ ‘সাউর্দান প্রোভার্টি ল সেন্টার’ জানিয়েছিল, এমপি জো কক্সকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া টমি মেয়ার যুক্তরাষ্ট্রভিত্তিক নয়া-নাৎসীবাদী গোষ্ঠীর একজন নিবেদিতপ্রাণ সমর্থক।
এক ওয়েবসাইটে নাগরিক এ অধিকার গ্রুপটি বলেছে, রেকর্ডঅনুযায়ী,মার্কিনভিত্তিক শ্বেতাঙ্গ বর্ণবাদী গোষ্ঠী ন্যাশনাল অ্যালায়েন্সের সঙ্গে টমি মেয়ারের যোগাযোগ থাকার দীর্ঘ ইতিহাস আছে।
কে এই টমি মেয়ার?
৫২ বছর বয়স্ক টমি মেয়ার লেবার এমপি জো কক্স হত্যার প্রধান সন্দেহভাজন।
প্রতিবেশীদের কথায়, মেয়ার উত্তর ইংল্যান্ডের ছোট্ট শহর ব্রিস্টলের এক নিরীহ প্রকৃতির শান্ত মানুষ। এত চুপচাপ প্রকৃতির, কম কথা বলা আর বাগানের কাজ নিয়ে ব্যস্ত থাকা একটি মানুষ এমন হত্যাকাণ্ড ঘটাবেন তা ভেবে প্রতিবেশীরা স্তম্ভিত।
সাউদার্ন পোভার্টি ল সেন্টার বলছে নয়ানাৎসীবাদী গোষ্ঠীর কাছ থেকে ম্যানুয়াল কিনেছিলেন মেয়ার ঘরে বন্দুক তৈরির এবং বিস্ফোরক বানানো সংক্রান্ত বইপত্রও কিনেছেন তিনি। এতে পিস্তলবানানোর নির্দেশনা ছিল এসব বাবদ তিনি ন্যাশনাল অ্যালায়েন্সকে প্রায় ৬২০ ডলার দিয়েছেন।
জো কক্সকে হত্যায় ব্যবহৃত বন্দুকটি ঘরে বানানো, পুরোনো ধাঁচের ছিল বলে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।
ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার একটি নব্য-নাৎসী বর্ণবাদী সাময়িকীর গ্রাহকও ছিলেন মেয়ার।
কক্সের ওপর হামলার পর পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ মিনিটের রাস্তার দূরত্বে একটি বাড়ি ঘেরাও করে। এটিই মেয়ারের বাড়ি বলে জানায় প্রতিবেশীরা।
গণভোটের সঙ্গে হত্যার যোগসূত্র আছে?
এমপি জো কক্স গণভোটে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে ভোট দেওয়া নিয়ে তার নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছিলেন।
এমন একটি সময়ে তাকে হত্যার ঘটনায় আসন্ন ২৩ জুনে যুক্তরাজ্যের ইইউ এ থাকা না থাকার প্রশ্নে গণভোটের সঙ্গে এর একটি যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হলেও এটিই হামলার উদ্দেশ্য ছিল কিনা তা এখনই পরিষ্কার বোঝা যাচ্ছে না।
হত্যাকাণ্ডের পরপরই গণভোটের প্রচার রোববার পর্যন্ত স্থগিত করা হয়।
জো কক্সের ওপর যেখানে হামলার ঘটনা ঘটে সেখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, হামলার সময় তারা টমি মেয়ার নামে ওই ব্যক্তিকে ‘পিুট ব্রিটেন ফার্স্ট’ এই কথাটা দুবার চেঁচিয়ে বলতে শুনেছে।
‘ব্রিটেন ফার্স্ট’, ব্রিটেনের একটি রাজনৈতিক দল যারা যুক্তরাজ্যের ইইউ ত্যাগের পক্ষে প্রচার চালাচ্ছে।
দলটি একটি বার্তায় এমপি কক্সের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেছে এ ঘটনার সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই। তাছাড়া ব্রিটেন ফার্ষ্ট কথাটাই যে উচ্চারিত হয়েছিল এরও কোনও প্রমাণ নেই বলে জানিয়েছেন পার্টির নেতা পল গোল্ডিং।
মানসিক সমস্যা থেকে হত্যাকাণ্ড?
ছয়বছর আগে স্থানীয় একটি পত্রিকায় মেয়ারের কথার উদ্ধৃতি থেকে তার মানসিক সমস্যার ইতিহাস থাকার আভাস মিলেছে।
ব্রিস্টলের জনপ্রিয় পর্যটন নিবাস অকওয়েল হলে একজন সেচ্ছাসেবী হিসাবে কাজ করা নিয়ে পত্রিকায় কথা বলেছিলেন তিনি।
পত্রিকাটিতে তার মন্তব্য ছিল, “দুনিয়ার সব সাইকোথেরাপি আর চিকিৎসার চেয়ে স্বেচ্ছাসেবকের কাজেই আমার অনেক বেশি উপকার হয়েছে।”
“মানসিক সমস্যায় ভোগা বহু মানুষই সমাজ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একঘরে হয়ে পড়ে, নিজেকে গুরুত্বহীন মনে হওয়াটাও তখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়, এ মনোভাব তৈরি হয় আসলে দীর্ঘদিন কাজ না পাওয়ার অভাবে।”
স্থানীয় পত্রিকাটি তাদের প্রতিবেদনে জানায়, মেয়ার স্বেচ্ছাসেবকের কাজ করার সুযোগ সম্পর্কে খোঁজ পেয়েছিলেন মিরফিল্ডভিত্তিক একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র ‘পাথওয়েজ ডে সেন্টার’ থেকে।
টমি মেয়ারের মানসিক সমস্যার বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের আপাতকালীন প্রধান কনস্টেবল ডি কলিন্স।
কক্সের মৃত্যুতে শোক:
কক্সের মৃত্যুতে যুক্তরাজ্যের বিভিন্ন মহল ছাড়াও সারা বিশ্ব থেকে শোক প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন বলেন, “এটি নিষ্ঠুর এবং ভয়ঙ্কর, এ ঘটনা তার (কক্সের) জীবন অকালে শেষ করে দিয়েছে।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং লেবার নেতা জেরেমি করবিন কক্স হামলার ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত বলে বর্ণনা করেছেন।
