২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামাকে চীনের সঙ্গে আলোচনার পরামর্শ ওবামার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একান্তে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করে তাকে চীনের সঙ্গে আলোচনার জন্য উৎসাহিত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 02:34 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

বিবিসি বলছে, বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

চীনের আপত্তি সত্বেও ওইদিন দুই নেতা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউজে মিলিত হয়েছিলেন।

দালাই লামার সঙ্গে বিদেশি নেতাদের সাক্ষাতের নিন্দা জানিয়েছে চীন। লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে দেশটি। 

হোয়াইট হাউজের ম্যাপ রুমে দ্বাররুদ্ধ অবস্থায় কথা বলেন ওবামা ও লামা। এ জুটি এর আগেও একাধিকবার পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এই বৈঠকের নিন্দা জানিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, “যদি যুক্তরাষ্ট্র এই বৈঠকের পরিকল্পনা করে থাকে, তবে তা তিব্বতের স্বাধীনতার প্রতি এবং বিচ্ছিন্নতাবাদী বাহিনীগুলোর কাছে ভুল বার্তা পাঠাবে এবং চীন-যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা ও সহযোগিতাকে ক্ষতিগ্রস্ত করবে।” 

অপরদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, দালাই লামা ও চীনের মধ্যে সরাসরি আলোচনার জন্য উৎসাহ দিয়েছেন ওবামা।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জন আর্নেস্ট বলেছেন, “যুক্তরাষ্ট্র তিব্বতকে গণপ্রজাতন্ত্রী চীনের অংশ হিসেবে বিবেচনা করে। তাই তিব্বতের স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানায়নি।”

তিনি আরও বলেন, “দালাই লামা ও প্রেসিডেন্ট ওবামা, উভয়েই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গঠনমূলক ও ফলপ্রসু সম্পর্কের গুরুত্ব মূল্যায়ন করেছেন। বৈঠকটি হওয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান এমন ছিল এবং বৈঠকটি হওয়ার পরও তাই রয়েছে।”

একবার তিব্বতের বৌদ্ধধর্মীয় নেতা দালাই লামাকে ‘ভাল বন্ধু’ হিসেবে বর্ণনা করেছিলেন ওবামা।

১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর ভারতে পালিয়ে যান দালাই লামা।

বৌদ্ধধর্মীয় এই নেতা তিব্বতের অধিকতর স্বায়ত্তশাসনের কথা বললেও তিনি তিব্বতের স্বাধীনতার পক্ষে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করে আসছে চীন।