অরল্যান্ডোর পালস ক্লাবে সেদিন যা ঘটেছিল
গত বছর ক্যালিফোর্নিয়ার সান বেরনারদিনোতে মুসলিম দম্পতির নির্বিচার গুলিবর্ষণে ১৪ জন নিহত হওয়ার পর ফের একই ধরনের নির্বিচার হত্যাকাণ্ড ফ্লোরিডার অরল্যান্ডোতে ঘটল।
রোববার ভোররাতে গুলিবর্ষণের তাণ্ডব শুরুর সময়টিতে অরল্যান্ডোর সমকামীদের পালস নাইটক্লাবে ৩৫০ জনের মতো মানুষ ল্যাটিন মিউজিক শুনতে এসেছিল।
বন্দুকধারী ওমর মতিন যখন একটি এআর-১৫-স্টাইল আধা-স্বংয়ক্রিয় রাইফেল এবং একটি পিস্তল থেকে গুলিবর্ষণ শুরু করে এদের অনেকেই পালিয়ে যান।
ঘটনার অন্যতম শিকার আমান্ডা আলভেরার শেষ স্নাপচ্যাট ভিডিও পোস্ট শুরুই হয়েছে নাইটক্লাবের ড্যান্সফ্লোরে বন্ধুপরিবেষ্টিত অবস্থায় তার দিকে ছোঁড়া একটি গুলি দিয়ে, আর ভিডিওটি শেষ হয়েছে লাতিন মিউজিক ছাপিয়ে যাওয়া গুলির আওয়াজ দিয়ে।
পালসে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ২৫ বছর বয়সী আলভেরার লাশ শনাক্ত করেছে পুলিশ। তার বন্ধু ২৬ বছর বয়সী মার্সিদেজ ফ্লোরেসও নিহত হয়েছেন।
যাজক ডেইনি ভেন্তুরা হাসপাতালে গিয়ে একজনকে নরম্যান হিসেবে শনাক্ত করেন। তবে এছাড়া তার সম্পর্কে আর কিছু জানাতে পারেননি তিনি।
এই নরম্যান ছোট একটি বাথরুমে আশ্রয় নিয়েছিলেন, সেখানে ছোট ওই বাথরুমে তারা প্রায় ৩০ জন গাদাগাদি করে আশ্রয় নেন।
স্টল ধরনের ওই বাথরুম থেকে নরম্যান গুলিবর্ষণকারীর বিকট হাসি শুনতে পাচ্ছিলেন, হামলাকারী হাসছিল আর বাথরুমের ওপর-নিচ দিয়ে অনবরত গুলিবর্ষণ করে যাচ্ছিল।
নরম্যানের শরীরে চারটি গুলি লাগে। আহতাবস্থায় তিনি বন্ধুদের লাশের ওপর দিয়ে ক্রল করে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেন। ওই স্টল বাথরুমে তার সঙ্গে আর যারা ছিলেন সবাই নিহত হন।
নিহতদের বেশিরভাগই জাতিতে লাতিনো। তাদের অর্ধেকেরও বেশি পুয়ের্তো রিকান বংশোদ্ভুত এবং অন্তত তিনজন মেক্সিকোর নাগরিক।
ঘটনার প্রথম ধাক্কার পরপরই ঘটনাস্থলে যাওয়া পুলিশ মতিনকে একটি বাথরুমে আশ্রয় নিতে বাধ্য করে। এতে ক্লাবের ভিতরে থাকা আরও অনেকে পালিয়ে যেতে সক্ষম হন, তারপরও অনেকে রেস্টরুমে আটকা পড়ে যান, যেখানে মতিনও ছিলেন। এতে পরিস্থিতিতে একটি অচলাবস্থা তৈরি হয়।
তিন ঘন্টা ধরে মতিনের সঙ্গে কথাবার্তা বলে তার সঙ্গে সমঝোতার চেষ্টা করে পুলিশ। এতে ব্যর্থ হলে পুলিশ বাথরুমের দেয়ালে একটি গর্ত করে। সেখান দিয়ে জিম্মিদের অনেকে বের হয়ে আসেন।
কিছুক্ষণ পর মতিন দেয়ালের ওই গর্ত দিয়ে উঁকি দিলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় ৫৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ২৯ জন অরল্যান্ডো রিজিওনাল মেডিকেল সেন্টারে এখনও চিকিৎসাধীন। এদের সবাইকেই বাঁচানো যাবে বলে আশা করছেন হাসপাতালটির চিকিৎসকরা।
প্রশ্ন উঠেছে ‘লোন উল্ফ’ হামলা হিসেবে পরিচিত জিহাদি ধরনের ‘বিচ্ছিন্ন’ হামলাগুলো থেকে আসছে বছরগুলোতে যুক্তরাষ্ট্র নিরাপদ থাকতে পারবে কিনা।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোমি বলছেন, মতিনের মতো ‘লোন উল্ফ’-দের অনুসরণ করা ‘সারাদেশে ছড়ানো খড়ের মধ্যে সুঁচ’ খোঁজার মতো কাজ।
তবে তারপরও কোন ধরনের মানুষ পরবর্তীতে উগ্রপন্থি হয়ে উঠতে পারে তা বের করতে এফবিআই চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।
