যুক্তরাষ্ট্রে সমকামীদের মিছিলমুখী ভারী অস্ত্রসহ ব্যক্তি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে সমকামীদের ‘প্রাইড প্যারেডের’ দিকে এগিয়ে যাওয়ার সময় ভারী অস্ত্রে সজ্জিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সান্তা মোনিকার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে ওই দিন ভোররাতে সংঘটিত ফ্লোরিডার নির্বিচার হত্যাকাণ্ডের আপাত কোনো সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সান্তা মোনিকা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, একটি ফোন কল পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের জেমস হাওয়েলকে একটি গাড়িতে যুদ্ধে ব্যবহারযোগ্য তিনটি রাইফেল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন নিয়ে বসে থাকতে দেখেন।
হাওয়েলের গাড়ি থেকে রাসায়নিক ভর্তি ১৯ লিটারের একটি বালতি পাওয়া যায়। এই রাসায়নিক দিয়ে বোমা তৈরি করা সম্ভব।
লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে সাগরতীরের একটি আবাসিক এলাকা সান্তা মোনিকা। এলাকাটির পুলিশ জানিয়েছে, হাওয়েল এলাকাটির একজন বাসিন্দার বাসার দরজায় ও জানালায় বারবার নক করার পর তার সন্দেহজনক গতিবিধির বিষয়ে পুলিশের কাছে কল আসে।
কল পেয়ে ঘটনা তদন্তে পুলিশ সেখানে গিয়ে তাকে গাড়িতে বসে থাকতে দেখে।
ওই পুলিশ বিভাগের কর্মকর্তা সাউল রদ্রিগুয়েজ বলেছেন, “তিনি প্রাইড ফেস্টিভ্যালে যাচ্ছিল বলে জানিয়েছেন।
ফেস্টিভ্যালে যোগ দেওয়া ছাড়া তিনি আর কিছু করতে যাচ্ছিলেন কিনা সে বিষয়ে কিছু বলেন নি। তার উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে আমাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই।”
এফবিআই এর মুখপাত্র লরা এমিলার জানিয়েছেন, সন্দেহভাজনের বয়স আনুমানিক ২০।
লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গারিসেতি পশ্চিম হলিউডে প্যারেড ফেস্টিভ্যাল উদ্বোধন করতে গিয়ে বলেন, হাওয়েল পুলিশকে জানিয়েছে, তিনি প্যারেডের দিকে যাচ্ছিলেন। তবে তার গ্রেপ্তারের সঙ্গে ফ্লোরিডা হামলার কোনো সম্পর্ক নেই বলেই মনে হচ্ছে।
