ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত
ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে দেশটির বিমান বাহিনীর (আইএএফ) একটি মিগ-২৭ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটির দুই পাইলট নিরাপদেই অবতরণ করেছেন।
এনডিটিভি বলছে, এই দুর্ঘটনায় অন্ততপক্ষে দুইজন ব্যক্তি আহত হয়েছেন।
যোধপুরে বিমানঘাঁটির কাছে নিয়মিত মহড়ার সময় এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
ইন্ডিয়ান এয়ার ফোর্স (আইএএফ) এ ঘটনা কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে।
মিগ-২৭ ভারতীয় বিমান বাহিনীর বহরে থাকা পুরাতন বিমানগুলোর একটি।
এয়ার চিফ মার্শাল অরুপ রাহা এরআগে বলেছিলেন, সব মিগ-২৭ যুদ্ধবিমান কয়েকবছরের মধ্যে বিমানবহর থেকে সরিয়ে নেওয়া হবে।
গেল বছরের নভেম্বরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, “মিগ-২৭, বিশেষ করে যেগুলো আপগ্রেড করা সম্ভব নয় সেগুলোকে অবসরে পাঠানো হবে। এসব বিমান দেশের হয়ে ভালো সেবা দিয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে এগুলোকে অবসরে পাঠানোর পরিকল্পনা আমাদের রয়েছে।”
সাহসী নামে পরিচিত সোভিয়েত নকশায় নির্মিত মিগ-২৭ যুদ্ধ বিমানগুলো ১৯৮৬ সালে ভারতীয় বিমান বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছিল।
