লিবিয়ায় ফিল্ড হাসপাতালে আত্মঘাতী বোমা হামলা
লিবিয়ার উপকূলীয় শহর সির্তের একটি ফিল্ড হাসপাতালে এক আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন।
রোববার এই হামলা চালানো হয় বলে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে।
বোমা হামলায় আরো সাতজন আহত হয়েছেন এবং হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটি মূল লড়াইয়ের ক্ষেত্র থেকে ৩০ মাইল দূরে অবস্থিত।
আরো দুইজন ব্যক্তি সির্তের মেডিকেল সেন্টারের বাইরে আত্মঘাতী হামলার চেষ্টা চালালেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ওই সূত্র জানিয়েছে।
মিসরাতার কর্মকর্তারা উগ্র-মৌলবাদী গোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে আহতদের চিকিৎসার জন্য অপ্রতুল চিকিৎসা সরঞ্জামের কথা দীর্ঘদিন ধরেই বলে আসছেন।
মিসরাতার একজন চিকিৎসা কর্মকর্তা মালেক আল-কুয়ালিব বলেন, “মিসরাতা হাসপাতালে থাকা আহতদের অবস্থা খুবই খারাপ। হাসপাতালের কক্ষগুলো পূর্ণ হয়ে আছে। বেসরকারি হাসপাতালগুলোও রোগীতে পূর্ণ।”
হাসপাতালের মুখপাত্র আজিজ ইসা বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামাদির সরবরাহ খুব সীমিত। জরুরি সরঞ্জামাদির কোনো ব্যাপ-আপ নেই।
তিনি আরও বলেন, “আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সের সংকট রয়েছে, যারা বেতন-ভাতা না পেয়ে চলে গেছেন। চেতনানাশক এবং এক্স-রে সরঞ্জামেরও সংকট রয়েছে।”
“আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থার কাছে আহতদের চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠিয়ে সহায়তা করার আবেদন জানাচ্ছি”, বলেন তিনি।
ইসা আরও বলেন, আহত ১৫০ জনেরও বেশি যোদ্ধাকে চিকিৎসার জন্য তিউনিসিয়া, তুরস্ক, ইতালি এবং আলজেরিয়ায় পাঠানো হয়েছে। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বেশ কয়েকজন যোদ্ধাকে পাঠাতে বিলম্বও হয়েছে।.
সম্প্রতি লিবিয়ার ঐক্যমতের সরকারের অনুগত বাহিনীগুলো ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটি বন্দর শহর সির্তে পুনরুদ্ধারের দাবি করেছে।
উত্তর আফ্রিকায় আইএসের এই শক্তিকেন্দ্রটিতে শুক্রবার আরো সফলতা পাওয়ার পর সরকারি বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায়।
প্রধানত মিসরাতার যোদ্ধাদের নিয়ে গঠিত সরকারি বাহিনীর ব্রিগেডগুলো গেল মাসে আইএসের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে। চলতি সপ্তাহে তারা সির্তের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে।
বাহিনীটির অগ্রগতির কারণে আইএসের যোদ্ধারা সির্তে-মিসরাতার মধ্যবর্তী উপকূলীয় সড়কটি থেকে সরে যেতে বাধ্য হয়।
অভিযানটির মিসরাতার নিয়ন্ত্রণকক্ষের একটি সূত্র জানিয়েছে, শহরটির দক্ষিণ দিকে থাকা সরকারি বাহিনীর যোদ্ধারা শহরটিকে ঘিরে ফেলে বন্দর পুনরুদ্ধারের উদ্দেশে সাগরতীরের দিকে এগিয়ে যাচ্ছে। শহরের কেন্দ্রস্থল থেকে বন্দরটি পাঁচ কিলোমিটার পূর্বে।
আত্মঘাতী বোমা হামলা, মাইন ও দূরলক্ষ্যভেদীদের গুলির মুখেও সরকারি ব্রিগেডগুলোর অগ্রগতি অনেকের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।
মে’র প্রথমদিক থেকে সির্তে পুনরুদ্ধারে অভিযান শুরু করে জিএনএ সমর্থিত ব্রিগেডগুলো। এই অভিযানে এ পর্যন্ত জিএনএ সমর্থিত ব্রিগেডগুলোর একশরও বেশি যোদ্ধা নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচশরও বেশি।
লিবিয়ার অস্থিতিশীলতার সুযোগে ২০১৪ সালে দেশটিতে প্রভাব বিস্তার করে আইএস। এরপর থেকে দেশটিতে সংঘাতের মাত্রা বেড়ে যায়।
গেল বছর সির্তের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইএস। কিন্তু দেশটির অন্যান্য জায়গায় নিয়ন্ত্রণে থাকা এলাকা ধরে রাখতে সংগ্রাম করতে হচ্ছে জঙ্গিগোষ্ঠীটিকে। সির্তে ছাড়া লিবিয়ার অন্য কোথাও কোনো ধরনের সমর্থনও পায়নি গোষ্ঠীটি।
