সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ২০
সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী সৈয়দা জয়নব শহরের একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা ও গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
সিরিয়ায় শিয়াদের প্রধান এই মসজিদটির কাছে চালানো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা অন্তত আটজন নিহত হওয়ার কথা জানিয়েছে। কিন্তু যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০ জনে দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক ও অপর সাতজন সরকারপন্থি বেসামরিক বাহিনীগুলোর সদস্য বলে জানিয়েছে অবজারভেটরি।
হামলার এ ঘটনায় আরো ৫৫ জন আহত হওয়ার কথা জানিয়েছে বিবিসি।
আহতদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে অবজারভেটরি।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে সৈয়দা জয়নব মসজিদের কাছে শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। এর আগে চলতি বছর একই এলাকায় চালানো আরো দুটি বোমা হামলার দায়ও স্বীকার করেছিল আইএস। ওই দুটি হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সৈয়দা জয়নবে দুটি বোমা হামলা চালানো হয়েছে। একটি হামলা হয়েছে এলাকাটির প্রবেশ পথে এবং আল টিন সড়কে গাড়িবোমা হামলাটি চালানো হয়েছে। দুটি স্থানই মসজিদের কাছে অবস্থিত।
হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এসএএনএ।
সোনালি রঙের গুম্বুজে শোভিত সৈয়দা জয়নব মসজিদ প্রাঙ্গণে নবী মোহাম্মদ (সাঃ) এর নাতনী জয়নবের কবর আছে। দেশজুড়ে গৃহযুদ্ধ সত্বেও প্রচুর শিয়া পুণ্যার্থি মসজিদটিতে নামাজ পড়তে ও জয়নবের কবর জিয়ারত করতে আসে।
পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত দুই লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন, আর প্রায় এক কোটি ১০ লাখ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
