ভেড়ার পালের দখলে স্পেনের শহর!
রাখাল ঘুমিয়ে পড়েছে। আর এই ফাঁকে স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হুয়েসকার পথে বেড়িয়ে পড়ে প্রায় এক হাজার ভেড়ার একটি পাল।
ভোরের রাস্তায় ঘুরে বেড়াতে থাকা ভেড়ার এই বিশাল পাল দেখে স্থানীয় অনেক বাসিন্দা পুলিশকে ফোন দেন। পরে রাখালের পাশাপাশি পুলিশকেও রাখালের ভূমিকা পালন করতে হয়!
বুধবার হুয়েসকা পুলিশ এই খবর দিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে এনডিটিভি।
মঙ্গলবার ভোর ৪টার একটু পরে হুয়েসকার কেন্দ্রস্থলের দিকে রাজপথ ধরে এগোতে থাকা ওই ভেড়ার পালকে খুঁজে পায় পুলিশ।
পুলিশের একজন মুখপাত্র বলেন, “রাখাল ঘুমিয়ে পড়েছিল, তাই ভেড়াগুলো যে ঘের থেকে বেড়িয়ে গেছে তা টের পায়নি।”
ভেড়ার পালটি সামলাতে ঘটনাস্থলে পুলিশের দুটি গাড়ি পাঠানো হয়। এর মধ্যে ভেড়ার রাখালকে খুঁজে বের করা হয়। এরপর ওই রাখালকে নিয়ে পাঁচজন পুলিশ কর্মকর্তা ৩০ থেকে ৪৫ মিনিটের চেষ্টায় সবগুলো ভেড়াকে ঘেরের মধ্যে ফিরিয়ে নিতে সক্ষম হন।
স্থানীয় পুলিশ নিজেদের ফেইসবুক পেইজে ঘটনাটির একটি ভিডিও আপালোড করেছে। এতে দেখা যায় পুলিশের একটি গাড়ির আলোর পেছনে পেছনে ছুটে চলেছে ভেড়ার দল। ভিডিওটি ফেইসবুকে ভাইরাল হয়।
ফ্রান্স সীমান্তের পেরেনিজ পর্বতমালার পাদদেশে স্পেনের হুয়েসকা প্রদেশের রাজধানী শহর হুয়েসকা। শহরটিতে ৫৩ হাজার মানুষের বসবাস রয়েছে।
