অমতে বিয়ে করায় মেয়েকে পুড়িয়ে মারলেন পাকিস্তানি ‘মা’
পরিবারের অমতে বিয়ে করায় পাকিস্তানের লাহোরে এক তরুণীকে নির্যাতনের পর আগুনে পুড়িয়ে মারা হয়েছে; এতে জড়িত অভিযোগে তার মাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
পাকিস্তান পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে, নিহত জিনাত রফিকের শরীরের নির্যাতনের একাধিক চিহ্ন পাওয়া গেছে। তার সারা শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়েছিল।
জিনাতের মা পারভিনের (৫০) বিরুদ্ধে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে পটিয়ে ফেরত আনার অভিযোগ আনা হয়েছে। মৃতদেহসহ বাড়ি থেকেই তাকে আটক করা হয়।
১৮ বছর বয়সী জিনাতকে পুড়ানোর আগে তার গলা চেপে ধরাসহ বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল বলে মৃতদেহে পাওয়া চিহ্ন থেকে ধারণার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার ইবাদাত নাসির বলেন, এ ঘটনায় পুলিশ জিনাতের পালিয়ে যাওয়া ভাইকে খুঁজছে।
“তার মা অপরাধের দায় স্বীকার করেছে; তবে পরিবারের কারও সাহায্য ছাড়া ৫০ বছর বয়সী একজন নারীর পক্ষে একা এ ধরনের কাজ করা সম্ভব বলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।”
জিনাতের চিৎকার শুনে প্রতিবেশীরা বিষয়টি থানায় জানালেও পুলিশ পৌঁছার আগে তার মৃত্যু হয় বলেও জানায় বিবিসি।
তাদের প্রতিবেদনে বলা হয়, সপ্তাহখানেক আগে জিনাত বাড়ি থেকে পালিয়ে গিয়ে আদালতে বিয়ে করে এবং শ্বশুর বাড়ি থাকা শুরু করে। পরে তার মা পারভিন তাকে যথানিয়মে বিয়ের অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে যান।
জিনাত রফিক
গত এক মাসের মধ্যে পাকিস্তানে এটি এ ধরনের তৃতীয় ঘটনা, যেখানে ভালোবাসা ও বিয়ের বিষয়ে দেশটির রক্ষণশীল সামাজিক নিয়মনীতির বাইরে যাওয়ায় হামলার শিকার হয়েছে নারীরা।
আর গত বছর প্রায় এক হাজার ১০০ নারীকে ‘অনার কিলিংয়ের’ কারণে আত্মীয়দের হাতে জীবন দিতে হয় বলে পাকিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের তথ্য। এ রকম আরও বহু ঘটনা আড়ালেও থেকে যায়।
গত সপ্তাহে ইসলামাবাদের কাছাকাছি মুররি এলাকায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারিয়া সাদাকাত নামে এক নারী স্কুল শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, পরে সেই পোড়া ক্ষতের কারণেই তার মৃত্যু হয়।
আর গত মাসে এক বান্ধবীকে পালিয়ে যেতে সহায়তা করার জন্য অ্যাবোটাবাদের কাছে একটি গ্রামের বয়োজ্যেষ্ঠদের নির্দেশে এক কিশোরীকে পুড়িয়ে হত্যা করা হয়।
