যুক্তরাষ্ট্রে বন্যার পানিতে ট্রাক তলিয়ে ৯ সেনার মৃত্যু
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্যার পানির তোড়ে সেনাবাহিনীর একটি ট্রাক উল্টে তলিয়ে গিয়ে ৯ সেনার মৃত্যু হয়েছে।
দেশটির সেনাবাহিনীর বরাতে সিএনএন জানিয়েছে, ওই ঘটনায় নিখোঁজ চার সেনার মৃতদেহ শুক্রবার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টেক্সাসের ফোর্ট হুডের আউল ক্রিক ট্যাকটিক্যাল ক্রসিং পার হওয়ার সময় সেনা বহনকারী আড়াই টনি একটি ট্রাক বন্যার পানির তোড়ে উল্টে গিয়ে ডুবে যায় বলে জানিয়েছেন মেজর জেনারেল জন উবের্তি।
দুর্ঘটনার কিছুক্ষণ পরই তিন সেনার মৃতদেহ উদ্ধার করা হয়। রাতে আরও দুই সেনার মৃতদেহ পাওয়া যায়।
একটি প্রশিক্ষণ মিশনে ১২ জন সেনার দলটি ট্রাকটিতে করে ট্যাকটিক্যাল ক্রসিংটি পার হচ্ছিলেন।
পেছনে থাকা আর একটি গাড়ির সেনারা তাৎক্ষণিকভাবে তিন সেনাকে উদ্ধার করে বলে জানিয়েছেন জেনারেল উবের্তি।
“এই ঘটনায় আমরা নয় সেনাকে হারিয়েছি,” বলেন তিনি।
ওই সেনা পোস্টের মুখপাত্র ক্রিস্টোফার হগ জানান, সেনাদের লাইট মিডিয়াম ট্যাকটিক্যাল ভেহিকল পরিচালনা করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, কিন্তু চরম বিপজ্জনক পরিস্থিতিতে তাদের প্রশিক্ষণে পাঠানো হয় না।
তিনি বলেন, “প্রশিক্ষণ চলার সময় বৃষ্টি হয় এবং ক্রিকের পানি দ্রুত বাড়তে শুরু করে। তবে এ ধরনের আবহওয়ায় তারা নিয়মিতভাবেই ক্রসিংটি পার হয়। ট্রাকটি ছিল ট্যাকটিক্যাল ভেহিকল এবং ওই সময় তারা ঠিক জায়গায়ই ছিল। কিন্তু দ্রুতই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে যায়।”
বেসামরিক উদ্ধারকারী সংস্থাগুলোর সাহায্যে সেনাবাহিনীর স্থল, আকাশ ও ডগ স্কোয়াড নিখোঁজ সেনাদের মৃতদেহ উদ্ধারে কাজ করে। বন্যার পানির তোড়ে তারা ভেসে যায়। আউল ক্রিক ট্যাকটিক্যাল ক্রসিং থেকে অনেকটা দূরে তাদের লাশ পাওয়া যায়।
