২০১৫ সালে বিশ্বজুড়ে সন্ত্রাস কমেছে, বেড়েছে বাংলাদেশে
২০১৫ সালে বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা কমলেও বাংলাদেশে সন্ত্রাসী হামলা এবং নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে সন্ত্রাসী হামলার ঘটনা ১৩ শতাংশ কমেছে।
বিশেষ করে ইরাক, পাকিস্তান ও নাইজেরিয়ায় গত বছর সন্ত্রাসী হামলা তুলনামূলক কম হয়েছে। তবে বাংলাদেশ, আফগানিস্তান মিশর, ফিলিপিন্স, সিরিয়া এবং তুরস্কে সন্ত্রাসী হামলা এবং নিহতের সংখ্যা বেড়েছে।
বিশ্বের যে পাঁচটি দেশে সন্ত্রাসী হামলা সবচেয়ে বেশি ঘটে- ইরাক, পাকিস্তান ও নাইজেরিয়া সেগুলোর অন্যতম। বাকি দুইটি দেশ ভারত ও আফগানিস্তান।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর বিশ্ব জুড়ে প্রায় ১১ হাজার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল, যার অর্ধেকের বেশিই ঘটেছে আফগান-ভারত সীমান্তে।
গত বছর বিশ্বজুড়ে হওয়া ১১ হাজার ৭৭৪টি সন্ত্রাসী হামলায় প্রায় সাড়ে ২৮ হাজার মানুষ নিহত এবং প্রায় ৩৫ হাজার মানুষ আহত হয়েছে।
ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় এ উপাত্ত সংগ্রহ করেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসী হামলা ঘটনা কমার সংবাদ দিলেও জাতিসংঘ মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, আইএস আন্তর্জাতিক বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার দিকে মনযোগ দিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, আইএস গত ছয় মাসে সিরিয়া, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান ও লিবিয়া ছাড়াও আরো ১১টি দেশে হামলা চালিয়েছে।
