ফ্রান্সে বন্যা পরিস্থিতির অবনতি, বন্ধ হচ্ছে লুভর জাদুঘর
শুক্রবার থেকে মিউজিয়ামটি বন্ধ হচ্ছে।
ফ্রান্সে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বন্যার পানি বাড়তে থাকায় বন্ধ করে দেওয়া হচ্ছে বিশ্বের বিখ্যাত লুভর জাদুঘর।
শুক্রবার থেকে মিউজিয়ামটি বন্ধ হচ্ছে। ক্ষতির ঝুঁকি এড়াতে উঁচু কোনও নিরাপদ স্থানে কাজের ব্যবস্থা করার জন্য স্টাফদের সুবিধার্থেই এ পদক্ষেপ বলে এক বিবৃতিতে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ।
লুভরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর স্বাভাবিক মাত্রার চেয়ে ৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীর বরাবর জরুরি বাঁধ দেওয়া হচ্ছে। কয়েকটি জায়গায় নদীর পাড় উপচে প্রবাহিত হয়েছে পানি।
ফ্রান্সের আরেকটি দর্শনীয় স্থানও বন্যার কারণে বৃহস্পতিবারই বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউরোপজুড়ে প্রচণ্ড বৃষ্টিপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই জার্মানির বলে জানিয়েছে বিবিসি।
ফ্রান্স ও জার্মানিতে বন্যায় এর আগে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
বিবিসি জানায়, বুধবার বাভারিয়ান শহর সিমবাখ অ্যাম ইনে একটি বাড়িতে আটকাপড়া অবস্থায় তিনব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। কাছেই পানির একটি প্রবাহে অপর এক নারীর মৃতদেহ পাওয়া যায়।
ফ্রান্সের মধ্যাঞ্চলে ৮৬ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। প্যারিস এবং ফ্রান্সের মধ্যাঞ্চলে প্রায় ২৫ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
দেশ দুটির ডজনেরও বেশি শহর প্লাবিত হয়েছে। আটকেপড়াদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, আরও কয়েকদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনিউভ জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা বেলজিয়াম সীমান্তে এবং বারগান্ডি অঞ্চলে দুইদিনে ৮ হাজারেরও বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।
বন্যায় জার্মানির দক্ষিণাঞ্চলের সবচে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রোট্টাল ইন জেলা। সেখানে দুর্যোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ট্রিফটার্ন শহর নদীর পানিতে প্লাবিত হয়েছে। বন্যার পানিতে গাড়িসহ গাছপালা ও বাড়িঘরের আসবাবপত্রও ভেসে গেছে।
অনেক স্থানে সড়ক থেকে কয়েক মিটার উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় স্থানীয় অধিবাসীরা বিস্মত হয়ে পড়েন। তাদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।
আকস্মিক এই বন্যার কারণে ট্রিফটার্ন শহরের একটি স্কুলে ২৫০ শিশু আটকা পড়ে ছিল। মঙ্গলবার সারারাত তারা সেখানেই অবস্থান করে। বুধবার সন্ধ্যায় শিশুরা স্কুলভবন ত্যাগ করতে সক্ষম হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
