২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিশুর আবাসিক হোটেলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থল মক্কা আল মুকারমে আবাসিক হোটেল অ্যাম্বাসডরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় দুই আইনপ্রণেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 12:02 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

বুধবার ভোররাত হোটেলটির মূল প্রবেশপথে গাড়িবোমাটি বিস্ফোরণের পর হোটেল লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

গভীর রাত পর্যন্ত অ্যাম্বাসডরের আশপাশের এলাকা থেকে আসা গুলির শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিক।

রয়টার্সকে পুলিশ কর্মকর্তা মেজর ইব্রাহিম হাসান বলেছেন, “হোটেলটিতে আইনপ্রণেতা মোহামুদ মোহামেদ এবং আব্দুল্লাহ জামাক মারা গেছেন। তারা হোটেলটিতে থাকতেন।

“এছাড়া আইনপ্রণেতাসহ অন্যান্য অনেক লোককে উদ্ধার করা হয়েছে। অভিযান প্রায় সমাপ্তির পথে। এ পর্যন্ত ১৫ জন নিহত ও ২০ জন আহত হওয়ার কথা জেনেছি আমরা।”

হোটেল অ্যাম্বাসডরে চালানো এই হামলার দায় দ্রুততার সঙ্গে স্বীকার করেছে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত দেশটির জঙ্গিগোষ্ঠী আল শাবাব। হামলার দায় স্বীকারের পাশাপাশি হামলায় দুই আইনপ্রণেতাসহ ২০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে।

Image
হামলার পর মোগাদিশুর অ্যাম্বাসেডর হোটেলের সামনের অংশ, ১ জুন, ২০১৬। রয়টার্স

হামলার পর মোগাদিশুর অ্যাম্বাসেডর হোটেলের সামনের অংশ, ১ জুন, ২০১৬। রয়টার্স

রয়টার্সকে আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব বলেন, “ওই নাস্তিক সরকারের সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছি আমরা। ভিতরেই তাদের অনেককে হত্যা করেছি আর এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো। আমাদের মুজাহিদিনরা হোটেল ভবনটির সর্বোচ্চ তলায় অবস্থান নিয়েছে।”

শাবাবের বিবৃতির দাবিগুলো তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সোমালি কর্তৃপক্ষ।

এর আগে পুলিশ কর্মকর্তা মেজর হাসান জানিয়েছিলেন, আল শাবাবের যোদ্ধারা হোটেলটিতে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন রোডিও মোগাদিশুতে বলা হয়েছে, সরকারি বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে লোকজনকে উদ্ধারে নিয়োজিত রয়েছেন। 

২০১১ সালে দেশটিতে মোতায়েন আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীরা আল শাবাবকে মোগাদিশু থেকে হটিয়ে দেয়। কিন্তু গোষ্ঠীটি এখনও সোমালিয়ার জন্য শক্তিশালী হুমকি হয়ে আছে। দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার লক্ষ্যে লড়াইরত গোষ্ঠীটি প্রায়ই বড় ধরনের হামলা চালিয়ে থাকে।