২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দুই শহরে বোমা হামলায় নিহত শতাধিক

সিরিয়ার উপকূলীয় দুটি শহর জাবলেহ এবং তারতউসে বোমা হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 04:44 PM

Updated : 11 Oct 2022, 08:16 PM

সোমবার একটি সরকার নিয়ন্ত্রিত এলাকায় এ বোমা হামলা হয়। ওই এলাকায় রাশিয়ার বাহিনী আছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

শহর দুইটিতে বোমা হামলায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, অন্তত ৫ টি আত্মঘাতী হামলা এবং দুটি গাড়িবোমা হামলায় বহু মানুষ আহতও হয়েছে। রাশিয়ার নৌবাহিনী মোতায়েন থাকা শহর তারতউসে এবং জাবলেহ শহরে আইএস এর এটিই প্রথম এ ধরনের হামলা।

অবজারভেটরির হিসাবমতে, দুই শহরে হামলায় নিহত হয়েছে মোট ১৪৫ জন। জাবলেহ শহরে বোমা হামলায় নিহত হয়েছে ৯৭ জন, আর তারতউসে বোমা হামলায় নিহত হয়েছে আরও ৪৮ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলার খবর নিশ্চিত করে জানালেও হতাহতের সংখ্যা কম (অন্তত ৭৮ জন) উল্লেখ করেছে।

রাষ্ট্রীয় গণামাধ্যম জানায়, তারতউস শহরের একটি পেট্রোল স্টেশনে একটি গাড়ি বোমা এবং দুটো আত্মঘাতী বোমা হামলা হয়েছে। অন্যদিকে, জাবলেহ শহরে ৪ টি বোমা বিস্ফোরণের একটি ঘটেছে হাসপাতালের কাছে।

জাবলেহ শহরে নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। শহরের বাস স্টেশনের প্রবেশপথে দুটো বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।