২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ পরিচালক লোশের ‘আই, ড্যানিয়েল ব্ল্যাক’ পেল স্বর্ণপাম

কান চলচ্চিত্র উৎসবে যুক্তরাজ্যের পরিচালক কেন লোশের ‘আই, ড্যানিয়েল ব্ল্যাক’ স্বর্ণপাম (পাম দ’র) জয় করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 02:23 PM

Updated : 12 Apr 2022, 02:07 AM

রবিবার রাতে ফ্রান্সের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ৬৯ তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘স্বর্ণপাম’ ঘোষণা করা হয়।

বিবিসি বলছে, ২১টি চলচ্চিত্রকে পেছনে ফেলে ৭৯ বছর বয়সী চলচ্চিত্র পরিচালক লোশ দ্বিতীয়বারের মতো সম্মানজনক এই পুরস্কার জয় করলেন।

এরআগে ২০০৬ সালে তিনি ‘দ্য উইন্ড দ্যাট সেকস দ্য বার্লি’ চলচ্চিত্রের জন্য স্বর্ণপাম পেয়েছিলেন।

কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে ইতিপূর্বে আটজন চলচ্চিত্র পরিচালক দুইবার স্বর্ণপাম জিতেছেন।

একজন মধ্যবয়সী বিপত্নীক এবং যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে “আই, ড্যানিয়েল ব্ল্যাক” চলচ্চিত্রটি নির্মাণ করেন। চলচ্চিত্রটিতে ওই ব্যবস্থাকে ‘কৃচ্ছতার বিপজ্জনক প্রকল্প’ বলে সমালোচনা তুলে ধরেন।

নিউক্যাসেলে বসবাসকারী একজন বর্ষীয়ান ব্যক্তি হার্ট অ্যাটাকের পর কাজকর্মে অক্ষম হয়ে পড়াকে কেন্দ্র করে চলচ্চিত্রটির কাহিনি আবর্তিত হয়। এতে দেখা যায়, বর্ষীয়ান ওই ব্যক্তিকে কাজের জন্য উপযুক্ত ঘোষণা করা হয়েছে। এর অর্থ দাঁড়ায় তার আর্থিক সুবিধাপ্রাপ্তি বন্ধ। ওই ব্যক্তি ক্রমশ ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করতে থাকেন।

সমাজকর্মী ও চলচ্চিত্র নির্মাতা লোশ এই নিয়ে ১৩ বার কান উৎসবে প্রতিযোগিতা করেন। তার ঝুলিতে রয়েছে ৫০টিরও বেশি চলচ্চিত্র। 

চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেন কমেডিয়ান দাভে জোনস এবং চিত্রনাট্য লিখেছেন লোচের দীর্ঘদিনের সহযোগী পল লাভার্তি।

অভিনেতা মেল গিবসনের হাত থেকে পুরস্কার গ্রহণ করার পর বক্তব্যে লোশ বলেন, “আমরা অবশ্যই আশাবাদী হয়ে ওঠার বার্তা দিয়েছি, আমাদের অবশ্যই বলতে হবে, অন্যরকম পৃথিবী সম্ভব।”

স্বর্ণ পাম ছাড়াও এবারের কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছেন জ্যাবিয়ের ডোলান। ‘ইটস ওনলি দি এন্ড অব ওয়ার্ল্ড’ চলচ্চিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন।

উৎসবে দুইজন সেরা নির্মাতা পুরস্কার জয় করেছেন। রোমানিয়ান ‘গ্র্যাজুয়েশন’ চলচ্চিত্রের জন্য ক্রিস্টিয়ান মুঙ্গিই এবং ‘পার্সোনাল শপার’ চলচ্চিত্রের জন্য অলিভার অ্যাসেস।

ইরানি ‘দ্য সেলসম্যান’ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহাব হোসেইনি। এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করে সেরা চিত্রনাট্যের পুরস্কার জয় করেছেন আসগর ফারহাদি।

ফিলিপিন্সের ‘মা, রোজা’ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জ্যাকলিন জোস।

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে  স্প্যানিশ ছবি ‘টাইমকোড’।