যুক্তরাষ্ট্রের বিমানের গতিরোধ করল চীন
দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক নজরদারি বিমানের গতিরোধ করেছে চীনের দু’টি যুদ্ধবিমান।
বুধবার পেন্টাগন এ অভিযোগ করেছে। আন্তর্জাতিক আকাশসীমায় মার্কিন বিমানটি মঙ্গলবার রুটিন টহল দেওয়ার সময়ে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।
ঘটনার সময় চীনের জঙ্গিবিমান মার্কিন বিমানটির ৫০ ফুটের মধ্যে চলে আসে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পেণ্টাগন বিমানটির গতি অনিরাপদ ভাবে রোধ করা হয়েছে বলে দাবি করলেও চীন বলেছে, তাদের যুদ্ধবিমান মার্কিন বিমানটি থেকে নিরাপদ দূরত্বেই ছিল।
বিমানটি চীনের দ্বীপাঞ্চলীয় হায়নান প্রদেশে প্রবেশ করেছিল দাবি করে চীন যুক্তরাষ্ট্রকে এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
ওদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের আচরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক বলে অভিহিত করেছে।
বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ বাহিনীর পর্যবেক্ষণ তৎপরতার কারণে সেখানকার দ্বীপপুঞ্জগুলোতে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে চীন।
সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে চীনসহ আশেপাশের কয়েকটি দেশ।
