২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলবার্টার উত্তরমুখী দাবানলে পালালো তেলখনির কর্মীরা

কানাডার আলবার্টা প্রদেশের দাবানলটি ফের শক্তিশালী হয়ে দাবানলে দগ্ধ শহর ফোর্ট ম্যাকমুরের উত্তর দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 May 2016, 03:01 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

সোমবার বিকেলে দাবানলটির গতি হঠাৎ বেড়ে যাওয়ায় অয়েল স্যান্ড নামে পরিচিত আলবার্টার তেলখনি এলাকার শ্রমশিবিরগুলোর প্রায় চার হাজার কর্মী শিবির ছেড়ে পালিয়েছেন।

দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত দমকলকর্মীরা অন্য সবকিছু ছেড়ে অয়েল স্যান্ডের স্থাপনাগুলো রক্ষায় সব মনোযোগ নিবদ্ধ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ফোর্ট ম্যাকমুরে শহর থেকে উত্তরমুখী সব ধরনের গাড়ির চলাচল ফের বন্ধ করে দেওয়া হয়েছে বলে ‍উড বাফেলোর কর্তৃপক্ষ জানিয়েছে।  

দুর্গত এলাকাগুলো থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেওয়া কথা নিশ্চিত করেছে সুনকোর এনার্জি ইনকর্পোরেট এবং সিনক্রুড কানাডা।

কর্মকর্তারা জানিয়েছেন, তাদের স্থাপনাগুলো থেকে ১৫-২০ কিলোমিটার দূরে রয়েছে দাবানল এবং স্থাপনাগুলোতে আগাম সতকর্তা নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে।

বড় খনি প্রকল্পগুলোর দক্ষিণে অবস্থিত ডজনখানেকে শ্রমশিবিরে এলাকা ছাড়ার বাধ্যতামূলক নোটিশ দেওয়া হয়েছে।

দাবানল ফের শক্তিশালী হলেও ফোর্ট ম্যাকমুরের জন্য এটি নতুন করে কোনো বিপদ বয়ে আনবে না বলে ধারণা করছেন আলবার্টা জরুরি ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী পরিচালক স্কট লং।

তিনি বলেন, “জরুরিভিত্তিতে তেল-গ্যাসের অবকাঠামোগুলো রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দাবানলটির দিকে নজর রাখা হচ্ছে।”

দুই সপ্তাহ আগে ভয়াবহ এই দাবানলটি ফোর্ট ম্যাকমুরে শহরকে গ্রাস করে নিলে এর প্রায় ৯০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। দাবানলে শহরটির প্রায় ১৫ শতাংশ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছে, দাবানলের আগুন সাত লাখ চার হাজার একর জায়গায় ছড়িয়ে রয়েছে এবং এটি নিয়ন্ত্রণহীনভাবে সামনের সবকিছু দগ্ধ করছে।