‘স্ত্রীকে পেটানোর পদ্ধতি’ জানালেন সৌদি পরামর্শক
সৌদি আরবে একটি ভিডিওতে ‘স্ত্রীকে পেটানোর’ পদ্ধতি বিষয়ে পরামর্শ দিয়েছেন দেশটির একজন ‘পরিবার পরামর্শক’।
ধারণা করা হচ্ছে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ভিডিও সম্প্রচারিত হয়েছে।
রোববার নিউজ ওয়েবসাইট এডব্লিউডিনিউজ ডটকমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবে ভিডিওটি সম্প্রচার করা হয়। কিন্তু ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ‘মিডল ইস্ট রিসার্চ ইনস্টিটিউট’ এপ্রিলে যুক্তরাষ্ট্রে ভিডিওটি সম্প্রচার করলে এটি নজরে আসে।
ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে ‘পরামর্শক’ খালেদ আল সাকাবি বলেছেন, “এই ইস্যুটি (স্ত্রী পেটানো) একটি ঝামেলাপূর্ণ বিষয় তা জানি আমি। কিন্তু আল্লাহর ইচ্ছায় আমরা এই সেতু নিরাপদেই পার হয়ে যাব।”
তিনি জোর দিয়ে বলেন, “(স্ত্রীকে) পেটানোর ক্ষেত্রে ইসলামিক বিধান মেনে চলা জরুরি।”
তিনি বলেন স্ত্রীকে পেটানোর উদ্দেশ্য ‘কারো রাগ ঝাড়ার জন্য নয়’ বরং ‘শৃঙ্খলার জন্য’।
পরিবারিক এই ‘পরামর্শক’ স্ত্রীকে পেটাতে ‘রড বা ধারালো কিছু ব্যবহার না করার’ জন্য পরামর্শ দিয়ে বলেছেন, এর বদলে ‘মেসওয়াক করার দণ্ড’ বা ‘রুমাল’ ব্যবহার করা যেতে পারে।
স্ত্রীকে পেটানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, “স্বামীর সঙ্গে আচরণে সে ভুল করছিল, স্ত্রীকে শুধুমাত্র এটি বোঝানোই এর (পেটানোর) উদ্দেশ্য।”
‘স্ত্রীকে পেটানোর’ আগে ‘আল্লাহর বিধান অনুযায়ী’ স্বামী তার ‘অধিকার ও স্ত্রীর কর্তব্য সম্পর্কে’ স্ত্রীকে স্মরণ করিয়ে দেবেন বলে পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, “দুর্ভাগ্যবশত কিছু স্ত্রী তাদের স্বামীদের সমান অধিকার নিয়ে জীবযাপন করতে চায়।”
প্রধানত এই কারণেই একজন পুরুষ তার স্ত্রীকে পেটাতে পারেন বলে জোর দিয়ে বলেন তিনি।
তিনি বলেন, “এটি একটি গভীর সমস্যা।”
কিছু স্ত্রীরা তাদের প্রহারে স্বামীদের প্ররোচিত করেন বলে ‘দুঃখের সঙ্গে’ জানান তিনি।
