ব্রাজিলের নতুন মন্ত্রিসভার সবাই শ্বেতাঙ্গ পুরুষ
নৃতাত্ত্বিকভাবে বিশ্বের অন্যতম বৈচিত্র্যপূর্ণ জাতির দেশ ব্রাজিলের নতুন অন্তর্বর্তী মন্ত্রিসভায় স্থান পাওয়া সবাই শ্বেতাঙ্গ পুরুষ হওয়ায় এর সমালোচনা করেছেন দেশটির সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
বিবিসি বলছে, ব্রাজিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান অস্থায়ী প্রেসিডেন্ট মিচেল তেমেরের নেতৃত্বে এই মন্ত্রিসভায় কোনো নারী স্থান পাননি।
১৯৭৯ সালের পর থেকে এই প্রথম ব্রাজিল সরকারের মন্ত্রিসভায় কোনো নারী সদস্য নেই।
এর সমালোচনা করে রৌসেফ বলেছেন, বৈচিত্র্যপূর্ণ জাতির দেশের প্রতিনিধিত্ব এই মন্ত্রিসভা করে না।
ব্রাজিলের রাষ্ট্রীয় অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান আইপিইএ-র তথ্যানুযায়ী, ২০১৩ সালে ব্রাজিলের জনসংখ্যার ৫১ শতাংশ নারী ও ২২ শতাংশ শ্বেতাঙ্গ পুরুষ।
রৌসেফ সরকারের মন্ত্রিসভার ৩১ জন মন্ত্রীর মধ্যে সাতজন নারী ছিলেন।
শুক্রবার প্রেসিডেন্ট প্রসাদে এক সংবাদ সম্মেলনে রৌসেফ বলেন, “সত্যিকারভাবে সবাইকে নিয়ে দেশ গড়তে হলে কালো মানুষ ও নারীদের কেন্দ্রে রাখতে হবে। আমি মনে করি, সরকার পরিষ্কারভাবে দেখাচ্ছে যে তারা অর্থনৈতিক বিবেচনায় নব্য-উদারনৈতিক কিন্তু সামাজিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত রক্ষণশীল।”
আগামী ছয়মাস অভিশংসন চলাকালে রৌসেফ প্রেসিডেন্ট প্রাসাদেই অবস্থান করবেন।
রৌসেফের সমালোচনার জবাবে আত্মপক্ষ সমর্থন করে অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী এলিসেউ পাডিলহা বলেছেন, মন্ত্রিসভার জন্য উপযুক্ত কোনো নারী সদস্য খুঁজে পাননি তারা।
“আমরা নারী সদস্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণবশত আমরা কাউকে নিতে পারেনি, বিষয়টি নিয়ে আলোচনা করেছি কিন্তু তা করা সম্ভব হয়নি,” বলেন পাডিলহা।
বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে মন্ত্রিসভা গঠন করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে ভবিষ্যতে মন্ত্রিসভায় নারীদের স্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
