২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগাসাকিতেও যাবেন ওবামা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ছুড়ে দেওয়া পারমাণবিক বোমায় ক্ষত-বিক্ষত জাপানের হিরোশিমায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের ঘোষণার পর এবার তার নাগাসাকিও পরিদর্শনে যাওয়ার ঘোষণা এসেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 08:56 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

আগামী ২৬ মে জি-সেভেন সম্মলনে যোগ দেওয়ার পর ২৭ মে এই দুই শহরে যাওয়ার কথা জানিয়েছেন জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সূগা।

একই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জর্জ আর্নেস্ট। নিয়মিত সংবাদ সম্মেলনে জাপান সফর প্রসঙ্গে তিনি একথা জানান বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।

এর আগে মঙ্গলবার হিরোশিমায় ওবামার সফরের পরিকল্পনাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

আর এর মধ্যে দিয়ে ১৯৮৪ সালে জিমি কার্টারের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোন প্রেসিডেন্টের পা পড়বে হিরোশিমায়। ওবামার সফরকে ঐতিহাসিক সফর বলেই মনে করছে স্থানীয় জন প্রশাসন।

এর আগে গত ১১ এপ্রিল জি-সেভেন রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক চলাকালে হিরোশিমা সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার সফরটিও ঐতিহাসিক ছিল।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জর্জ আর্নেস্ট বলেন, ওবামা দুই শহরে যাওয়ার কথা জানিয়েছেন। আর এসময় জাপানিরা মার্কিন প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার জন্য চাপ দিলে তা বড় ভুল হবে। আমরা চাই দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তা সামনের দিনগুলোতে ভালভাবে চলুক।

এর আগে ওবামার হিরোশিমা সফরসূচি নিশ্চিত করে জানিয়েছিলেন হোয়াইট হাউজের কর্মকর্তা বেন রড্রিস।

২৭ মে বারাক ওবামা হিরোশিমার স্মৃতিসৌধ পরিদর্শন শেষে পারমাণবিক বোমায় আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। ওবামা তার সফরে দুই দেশের বর্তমান মৈত্রী সম্পর্কের বিষয়গুলোও জাপানিদের সামনে তুলে ধরবেন।

১৯৪৫ সালের ৬ অগাস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ছুড়ে দেয়া পারমাণবিক বোমায় ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। এর তিন দিন পর নাগাসাকিতে আরো একটি বোমায় ৭৪ হাজার মানুষ মারা যায়।