ভারতে ট্রাম্পের পক্ষে সমর্থকদের পূজা
নির্বাচনী প্রচারে রিপাবলিকান দলীয় নেতাদের ভেড়ানো ট্রাম্পের জন্য হয়তো কঠিন হবে কিন্তু এরপরও কিছু নিঃস্বার্থ সমর্থক তিনি পেয়েছেন যারা তার পাশে দেবতার আশির্বাদ নিয়ে আসার চেষ্টা করছেন।
এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প যেন জয়ী হন সেই জন্য ভারতে একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর ডজন খানেক সদস্য বুধবার আগুন জ্বেলে পূজা করেছেন।
হিন্দু সেনা জাতীয়তাবাদী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা বিষ্ণু গুপ্ত বলেন, “ইসলামি সন্ত্রাসবাদের কারণে সমগ্র বিশ্ব এক আতঙ্কের মধ্যে রয়েছে, এমন কি ভারতও এ থেকে নিরাপদ নয়।”
তিনি আরো বলেন, “শুধু ডোনাল্ড ট্রাম্পই মানবতাকে রক্ষা করতে পারেন।”
গোষ্ঠীটির সদস্যরা নয়া দিল্লির একটি পার্কে জমায়েত হয়ে একটি চাদরের উপর শিব ও হনুমানের প্রতীকের সঙ্গে ট্রাম্পের হাস্যোজ্জ্বল ছবি রেখে আগুন জ্বেলে পূজা করেন।
আর পাশেই ট্রাম্পের সমর্থনে একটি ব্যানার টানানো ছিল। সেখানে লেখা ছিল, “কারণ ইসলামি সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার আশা তিনি”।
গোষ্ঠীটির সদস্যরা ট্রাম্প যেন নির্বাচনে জয়ী হন সে জন্য সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে দেবতার সহায়তা কামনা করেন। এই সময় ছোট্ট আগুনের কুণ্ডলীতে ধান, দুর্বা ছিটিয়ে দেওয়া হয়, ঘিও ঢালা হয়।
নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়নের দৌড়ে ট্রাম্প এগিয়ে রয়েছেন।
গেল নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেন এবং বিদেশের মাটিতে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেন।
তার এই ঘোষণা ভারতে কিছু সমর্থক তৈরিতে ভূমিকা রেখেছে।
অবশ্য মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী সমালোচনার শিকারও হয়েছেন ট্রাম্প।
