২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে চুরি যাওয়া সম্পদ ফেরত চায় নাইজেরিয়া

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নাইজেরিয়াকে বিশ্বের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তকমা দেওয়ার প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, তিনি ক্ষমা চাওয়ার দাবি তুলবেন না বরং ব্রিটিশ ব্যাংকগুলোতে গচ্ছিত চুরি যাওয়া অর্থসম্পদ ফেরত চাইবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 11:47 PM

Updated : 25 Jul 2022, 09:24 PM

লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দুর্নীতি-বিরোধী এক সম্মেলনের ভাষণে বুহারি একথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে প্রধানমন্ত্রী ক্যামেরনের। এর আগে রানি এলিজাবেথের সঙ্গে এক আলাপচারিতায় ক্যামেরন নাইজেরিয়া এবং আফগানিস্তানকে বিশ্বের চরম দুই দুর্নীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেন।

তার এ মন্তব্যে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি অত্যন্ত মর্মাহত এবং বিব্রত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানায় তার কার্যালয়। এরপরই লন্ডন সম্মেলনে ওই ভাষণ দেন বুহারি।

নাইজেরিয়ায় বিগত সরকারের আমলে দুর্নীতির কারণে ১৫শ’ কোটি ডলার চুরি গেছে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।

লন্ডন সম্মেলনের ভাষণে বুহারি নাইজেরিয়া থেকে এ অর্থচুরির ঘটনায় অপরাধীদের জন্য ব্রিটেন ‘নিরাপদ স্বর্গ’ হিসাবে ব্যবহৃত হচ্ছে বলে দোষারোপ করেন।

তবে নাইজেরিয়া ‘চরম দুর্নীতিগ্রস্ত দেশ’- ক্যামেরনের এ মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেননি তিনি।

যদিও এর আগে বুহারির মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ক্যামেরন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্টের ‘ভাল কাজের’ পরও তাকে বিব্রত করছেন।

ক্যামেরনের নাইজেরিয়ার অতীতের দিকে তাকানো উচিত বলে বুহারির মুখপাত্র মন্তব্য করেন এবং বলেন, “দুর্নীতিসহ প্রতিটি ক্ষেত্রেই নাইজেরিয়ায় এখন পরিবর্তন আসছে।”