২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আরও দু’টি বোমা হামলা, নিহতের সংখ্যা ৮০

ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধুষ্যিত সদর সিটিতে গাড়িবোমা হামলার পরপরই ভিন্ন দুটি স্থানে আরও দু’টি আত্মঘাতী বোমা হামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 07:08 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

তিনটি হামলায় নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্মীরা।

পরের বোমা হামলা দু’টির একটি ঘটেছে বাগদাদের উত্তরপশ্চিমের শিয়া মুসলিম এলাকা কাদিমিয়ার প্রবেশপথে। এতে ১৭ জন নিহত এবং ৩৩ জন আহত হয়।

অপর হামলাটি হয়েছে বাগদাদের পশ্চিমাঞ্চলে সুন্নি অধুষ্যিত একটি বাণিজ্যিক এলাকায়। এতে ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়।

দু’টো হামলার ঘটনাতেই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তিনটি হামলারই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। সদর সিটিতে হামলায় ৫৫ জন নিহত হওয়া ছাড়াও অন্তত ৬৮ জন আহত হয়।

কয়েক মাসের মধ্যে সদর সিটিতে এটিই সবচেয়ে বড় হামলা। পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা জানান, বুধবার সদর সিটির এক ব্যস্ত বাজারে একটি সেলুনের কাছে বিস্ফোরকভর্তি পিক আপ ট্রাক বিস্ফোরণ ঘটে। হতাহতদের বেশিরভাগই নারী। আহত অনেকের অবস্থাই গুরুতর।

অনলাইনে সমর্থকদের দেওয়া এক বিবৃতিতে আইএস হামলার দায় স্বীকার করে জানায়, তারা সদর সিটিতে জড়ো হওয়া শিয়া মিলিশিয়া যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আর পরের দুটি হামলা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালিয়েছে বিস্ফোরক বেল্ট পরা দুই আত্মঘাতী যোদ্ধা।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে সদর সিটিতে দুটো আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে আইএস। ওই হামলায় ৭০ জন নিহত হয়েছিল।

তবে বাগদাদে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই উন্নতি হয়েছে। একদশক আগে বাগদাদে প্রতিদিনই বোমা হামলা হতে দেখা যেত।

অবশ্য এখনও বাগদাদে নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকরা প্রায়ই হামলার শিকার হচ্ছে। কখনও কখনও বড় ধরনের একটি হামলার পরই ঘটছে পাল্টা প্রতিশোধ হামলা।