২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনাদের ‘রূঢ়’ বলে ক্যামেরায় ধরা রানি

চীনা কর্মকর্তাদের ‘খুবই রূঢ়’ বলে মন্তব্য করে ক্যামেরায় ধরা পড়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 06:25 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

বাকিংহাম প্যালেসের গার্ডেন পার্টিতে মঙ্গলবার উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় চীনাদের প্রতি ওই ক্ষোভ উগরে দেন রানি। আর সে দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়।

গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর যুক্তরাজ্য সফরকালে চীনা কর্মকর্তারা ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে খুবই রূঢ় আচরণ করেছে বলে মন্তব্য করেন রানি।

সংবিধিবদ্ধ আইনানুযায়ী, রানি কখনওই জনসম্মুখে রাজনৈতিক কিংবা কূটনৈতিকভাবে স্পর্শকাতর কোনও মন্তব্য করেন না। তাছাড়া, ব্যক্তিগত আলাপচারিতায় তার বলা কোনও কথা প্রকাশ পাওয়াটাও বিরল ঘটনা।

এর আগে একইদিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও নাইজেরিয়া এবং আফগানিস্তানকে ‘চরম দুর্নীতিগ্রস্ত’ দেশ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য মাইক্রোফোনে ধরা পড়ে।

ওদিকে, রানির কথাবার্তা বাকিংহাম প্যালেসের গার্ডেন পার্টির এক ক্যামেরাম্যানের ক্যামেরায় ধারণ হওয়ার পর সেটি চলে যায় সম্প্রচারমাধ্যমগুলোর কাছে।

বিবিসি’তে প্রকাশিত ভিডিও ফুটেজে রানিকে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা লাকি ডি’ওরসির সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। লাকিকে পরিচয় করিয়ে দিয়ে পাশেই থাকা আরেক কর্মকর্তা রানিকে জানান, এই পুলিশ কর্মকর্তাই গত বছর অক্টোবরে চীনের প্রেসিডেন্টের ব্রিটেন সফরের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। একথা শুনেই রানি বলে ওঠেন, “ওহ, দুর্ভাগ্য।”

পুলিশ কমান্ডার লাকি এরপর রানিকে জানান, চীনা প্রেসিডেন্টের ওই রাষ্ট্রীয় সফরের আয়োজন করা এবং চীনা কর্মকর্তাদেরকে সামলাতে তাকে হিমশিম খেতে হয়েছিল।

একথা শোনার পরই রানি বলেন, “তারা রাষ্ট্রদূতের প্রতি খুব রূঢ় আচরণ করেছে।”

রানির এমন মন্তব্য চীনের সঙ্গে বাণিজ্যের প্রসার ঘটানোর ব্রিটিশ সরকারের চেষ্টায় সহায়ক হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

রানির বক্তব্যের ব্যাপারে বাকিংহাম প্যালেসের মুখপাত্র পরবর্তীতে বলেছেন, রানির ব্যক্তিগত আলাপচারিতা নিয়ে মন্তব্য করার কোনও নিয়ম নেই। তাছাড়া, চীনাদের রাষ্ট্রীয় সফর খুব নির্বিঘ্নে এবং সফলভাবেই সম্পন্ন হয়েছিল বলেও জানান তিনি।

ওদিকে, চীনও তাদের নিউজ বুলেটিনে রানির মন্তব্য কাটছাঁট করে তা প্রকশ করেছে বলে জানিয়েছে বিবিসি।