২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর সমান শতাধিক গ্রহ আবিষ্কার

নাসার কেপলার টেলিস্কোপ একশোরও বেশি পৃথিবীর আকারের গ্রহ আবিষ্কার করেছে, যেগুলো দূরবর্তী নক্ষত্রসমূহকে কেন্দ্র করে ঘুরছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 03:19 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

বিবিসি বলছে, টেলিস্কোপটি তথাকথিত ‘বাসযোগ্য এলাকায়’ নয়টি ছোট গ্রহও চিহ্নিত করেছে।

‘বাসযোগ্য এলাকা’ বলতে কোনো তারাকার চারপাশে ঘূর্ণায়মান গ্রহদের অবস্থানের এমন একটি এলাকা বোঝানো হয়, যে অবস্থানে থাকলে ওই গ্রহ বা গ্রহদের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা থাকে। আর তরল পানি থাকলে প্রাণ থাকারও জোরালো সম্ভাবনা থাকে।

সৌরজগতে আমাদের পৃথিবী ঠিক এমনই একটি অবস্থানে রয়েছে।

সদ্য আবিষ্কৃত এই গ্রহদের কেপলার টেলিস্কোপের শনাক্ত করা নতুন গ্রহদের একটি তালিকায় রাখা হয়েছে। ওই তালিকায় কেপলার আবিষ্কৃত ১,২৮৪টি নতুন গ্রহ আছে।

নতুন গ্রহ আবিষ্কারের এটি সবচেয়ে বড় একক ঘোষণা বলে জানিয়েছে নাসা। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থাটির বিজ্ঞানীরা এক টেলিকনফারেন্সের মাধ্যমে নতুন এই আবিষ্কার নিয়ে আলোচনা করেন।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত নাসার আমেস রিসার্চ সেন্টার থেকে কেপলার মিশনের বিজ্ঞানী ড. নাটালি বাটালহা জানিয়েছেন, হিসাব করে দেখা গেছে আমাদের ছায়াপথে (মিল্কিওয়ে) এক হাজার কোটিরও বেশি বাসযোগ্য গ্রহ থাকার সম্ভাবনা রয়েছে।