বেনগাজি হামলা: হামলাকারীর মৃত্যুদণ্ড চাইবে না যুক্তরাষ্ট্র
লিবিয়ার বেনগাজিতে ২০১২ সালে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় অভিযুক্ত ইসলামপন্থি আহমেদ আবু কাত্তালার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাইবে না যুক্তরাষ্ট্র।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে করা একটি কোর্ট ফাইলে এমনটাই বলা হয়েছে। তবে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এরফলে, কাত্তালা দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন।
২০১২ সালে বেনগাজিতে মার্কিন দূতাবাসে সন্ত্রাসীদের চালানো হামলায় রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্সসহ চারজন নিহত হন।
প্রয়াত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্স। ২০১২ সালের ওই হামলায় স্টিভেন্সসহ চারজন মার্কিনি নিহত হন। ফাইলছবি: রয়টার্স
দুইবছর আগে কাত্তালা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কাছে ধরা পড়েন। এরপর তাকে বিচারের মুখোমুখি করার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
আইন কর্মকর্তারা অভিযোগ করেছেন, কাত্তাল ওই হামলার মূল হোতা।
বেনগাজির ওই হামলা প্রতিরোধে প্রেসিডেন্ট বারাক ওবামা ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যথেষ্ঠ পদক্ষেপ নেননি বলে সমালোচকেরা অভিযোগ করে আসছেন।
