মিউনিখে রেল স্টেশনে ছুরি নিয়ে সন্ত্রাস, নিহত ১
জার্মানির মিউনিখে একটি রেল স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা চালিয়েছে, যাতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ থেকে ৩২ কিলোমিটার দক্ষিণপূর্বের একটি কমিউটার ট্রেইন স্টেশনে এ হামলা হয়। হামলার পিছনে ইসলামী চরমপন্থার প্রভাব রয়েছেন কি না পুলিশ তা খতিয়ে দেখছে।
হামলাকারীকে আটকের খবর জানিয়ে রাজ্য পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি ছুরি নিয়ে চড়াও হওয়ার সময় ‘আল্লাহু আকবর’ বলেন বলে শোনা গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
হামলায় আহতদের মধ্যে ৫০ বছর বয়সী একজনকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহযোগীর ভূমিকায় রয়েছে জার্মানি। জঙ্গিবিরোধী একই ভূমিকা নেওয়া প্রতিবেশী দেশ ফ্রান্স ও বেলজিয়ামে জঙ্গিদের হামলায় বহু প্রাণহানি হলেও সে তুলনায় এখনও বড় ধরনের আঘাত আসেনি দেশটিতে।
তবে ঝুঁকি মাথায় রেখে সতর্ক রয়েছে জার্মানির নিরাপত্তা সংস্থাগুলো। মন্ত্রীরাও দফায় দফায় সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করছেন।
সিরিয়া ও ইরাকে জিহাদি গোষ্ঠীগুলোতে যোগ দিতে আট শতাধিক চরমপন্থি জার্মানি ছেড়েছে, যাদের প্রায় আড়াইশ এরইমধ্যে দেশে ফিরেছে।
এ বছর বেলজিয়াম ও গত বছর প্যারিসে হামলাকারীরা জার্মানি পার হয়ে দেশ দুটিতে যায়। এছাড়া গত বছর জার্মানিতে ঢোকা ১০ লাখ অভিবাসীর মধ্যে কেউ কেউ চরমপন্থি থাকতে পারে বলেও শঙ্কা রয়েছে।
