চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
রোববার ভোরের এ ঘটনায় সোমবার পর্যন্ত আরো চারজন নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে সিনহুয়া।
কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে ফুজিয়ানের তাইনিং কাউন্টির পার্বত্য এলাকায় নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধসের এ ঘটনা ঘটে।
পাহাড়ের পাদদেশে অস্থায়ীভাবে তৈরি করা বাসস্থান প্রায় ১ লাখ কিউবিক মিটার মাটি ও পাথরের নিচে চাপা পড়ে।
অনবরত বৃষ্টিপাত উদ্ধারকাজকে কঠিন করে তুলছে বলে জানিয়েছে সিনহুয়া। শনিবার থেকে ওই এলাকায় ১৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বার্তা সংস্থাটি এর আগে চাপা পড়া ২২টি লাশ উদ্ধার করার কথা জানিয়েছিল। ভূমিধসে জলবিদ্যুৎ প্রকল্পের দপ্তরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
