২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানামা পেপার্স: নিউজিল্যান্ডও ‘অফশোর স্বর্গ’

কাগুজে কোম্পানি ও ট্রাস্টগুলোর অন্যতম কেন্দ্র নিউজিল্যান্ড। বিশেষ করে লাতিন আমেরিকার বিত্তবানেরা বিশ্বজুড়ে তাদের তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে এই দেশটিকেই চ্যানেল হিসেবে ব্যবহার করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 May 2016, 12:48 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া পানামা পেপার্সের ফাঁস করা তথ্যের উপর ভিত্তি করে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

পানামা-ভিত্তিক ল’ ফার্ম মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া নিউজিল্যান্ড সম্পর্কিত ৬১ হাজারেরও বেশি নথি বিশ্লেষণ করেছে স্থানীয় গণমাধ্যম। আর এর ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

আর এই বিষয়টি দেশটির প্রধানমন্ত্রীকে বিষয়টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চাপে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

২০১৩ সালে নিউজিল্যান্ডের নতুন আইনি ব্যবস্থার কারণে মোস্যাক ফনসেকা দেশটির প্রতি আগ্রহী হয়ে উঠে। করমুক্ত, গোপনীয়তা রক্ষা এবং আইনি নিরাপত্তার কারণে দেশটি যে ব্যবসার জন্য অত্যন্ত উপযুক্ত সেই বিষয়টি প্রতিষ্ঠা করতে শুরু করে।

রেডিও নিউজিল্যান্ড, টিভিএনজেড এবং অনুসন্ধানী সাংবাদিক নিকি হ্যাগার তাদের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন।

নিউজিল্যান্ডের রবার্ট থম্পসন হচ্ছেন মোস্যাক ফনসেকার মূল মাধ্যম। অ্যাকাউন্টেন্ট ফার্ম বেন্টলিস নিউজিল্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক থম্পসন।

প্রতিবেদনে বলা হয়েছে, পানামা পেপার্সের ৪,৫০০ নথিতে থম্পসনের নাম রয়েছে।

থম্পসনের দাবি, তার অভিজ্ঞতায় ট্রাস্ট ব্যবহার করে কর ফাঁকি দেওয়ার বিষয়টি বেশি নেই এবং তার প্রতিষ্ঠান বেআইনিভাবে সম্পদ লুকিয়ে রাখায় সহায়তা করে না।

রেডিও নিউজিল্যান্ডকে থম্পসন বলেন, “আমার মনে হয় এ ধরনের ধারণা প্রচলিত রয়েছে নিউজিল্যান্ডের সব বিদেশি ট্রাস্ট বেআইনি উদ্দেশ্যে ব্যবহার করা হয় যা ভিত্তিহীন এবং মূলত অজ্ঞতাপ্রসূত।”

এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে বেন্টলিস নিউজিল্যান্ডের কার্যালয়ে যোগাযোগ করা হলে থম্পসন অফিসে নেই বলে জানানো হয়।

গেল মাসে নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা বিদেশি ট্রাস্ট বিষয়ক আইন পর্যালোচনা করবে।

পানামা পেপার্সে দেশটির আইনের দুর্বলতার কারণে বিদেশি ট্রাস্টগুলোর আন্তর্জাতিকভাবে কর ফাঁকি দেওয়ার সম্ভাব্য যোগসূত্রের বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরার পর সরকারের পক্ষ থেকে এই ঘোষণা আসে।

নিউজিল্যান্ডে বিদেশি ট্রাস্টগুলো করের আওতামুক্ত।

তবে নিউজিল্যান্ডকে আন্তর্জাতিকভাবে করমুক্তির সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে এ ধরনের ভাবনা খারিজ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জন কি।

পানামা পেপার্সকে ইঙ্গিত করে টিভিএনজেডকে তিনি বলেন, “নিউজিল্যান্ডের নাম উল্লেখ করা হয়নি বললেই চলে। যাও-বা হয়েছে তা পাদটীকায়।”

পানামার আইনি সেবাদাতা প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার মাধ্যমে কর ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ায় অফশোর লেনদেন সংক্রান্ত নথিগুলো চলতি বছরের এপ্রিলের শুরুতে প্রকাশ্যে আসে।

পানামা পেপার্স নাম দেওয়া এসব নথি ফাঁসের পুরো বিষয়টিকে বলা হচ্ছে পানামা পেপারস কেলেঙ্কারি।

ফাঁস হয়ে যাওয়া প্রায় ১ কোটি ১৫ লাখেরও বেশি নথি থেকে গেল ৪০ বছর ধরে মোস্যাক ফনসেকা রাজনীতিবিদসহ তাদের ক্ষমতাশালী মক্কেলদের কীভাবে অর্থ পাচারে সহযোগিতা করেছে, নিষেধাজ্ঞা এড়ানোর ও কর ফাঁকি দেওয়ার পথ দেখিয়েছে, সেসব তথ্য পাওয়া যাচ্ছে।

এতে করে ওইসব ব্যক্তিরা বিব্রতকর অবস্থায় পড়ার পাশাপাশি ইতোমধ্যে একজন সরকারপ্রধানসহ কয়েকজন পদত্যাগেও বাধ্য হয়েছেন।

মোস্যাক ফনসেকা সম্পদ ব্যবস্থাপনার নামে তার ক্লায়েন্টদের জন্য শেল কোম্পানি খুলে দেওয়া ও ব্যবস্থাপনায় সহযোগিতা করে। আর এই শেল কোম্পানি হচ্ছে একটি বৈধ ব্যবসার খোলস। মূল অর্থের মালিক কে, তা গোপন রাখার পাশাপাশি ওই অর্থের ব্যবস্থাপনা করাই এ ধরনের কোম্পানির কাজ।

করস্বর্গ হিসেবে পরিচিত বিভিন্ন দেশে কোম্পানির কাগুজে ব্যবসায় অবৈধ উৎসের টাকা বৈধ হয়ে যাবে; তারপর চলে যাবে নিরাপদ কোনো অ্যাকাউন্টে। ওই টাকার মালিক মোস্যাক ফনসেকার ওই ক্লায়েন্টই থাকবেন, তবে সরকারের কাছে তাকে মোটা অংকের ট্যাক্স দিতে হবে না।

পানামা পেপার্স কেলেঙ্কারির পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার নিজ নিজ দেশের বিত্তবান ও সেলিব্রেটিদের আর্থিক অনিয়ম তদন্ত শুরু করেছে।

ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু, যুক্তরাজ্য ও পাকিস্তানি প্রধানমন্ত্রীর আত্মীয় এবং চীন ও ইউক্রেইনের প্রেসিডেন্টের আত্মীয়ের বিরুদ্ধে কর ফাঁকি দিতে মোস্যাক ফনসেকার সহায়তা নেওয়ার অভিযোগ উঠেছে।