তুর্কি গোলার আঘাতে আইএসের ৫৫ জঙ্গি নিহত
তুর্কি বাহিনীর গোলার আঘাতে উত্তর সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ৫৫ জঙ্গি নিহত হয়েছেন।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।
এক সপ্তাহ আগে তুরস্কের সীমান্তবর্তী একটি শহরে গোলা হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তুর্কি সামরিক বাহিনীর একটি সূত্র।
রোববার ওই সূত্রটি জানায়, তুর্কি সেনাবাহিনীর ছোড়া কামানের গোলার আঘাতে আলেপ্পোর উত্তরাঞ্চলে সুরান ও তাল এল হিসান এবং বারাগিদান ও কুশাকিক এলাকায় তিনটি রকেট উৎক্ষেপন কেন্দ্র এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় সিরিয়ায় আইএসের ৪৮ যোদ্ধা নিহত হন, তুর্কি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এই খবর দিয়েছে।
সম্প্রতি সিরিয়ার ইসলামিক স্টেট নিয়ন্ত্রনাধীন এলাকার পাশে অবস্থিত তুরস্কের সীমান্তবর্তী কিলিসের শহরের কিছু এলাকায় নিয়মিত রকেট হামলা হচ্ছে।
আলেপ্পো থেকে ৬০ কিলোমিটার উত্তরে কিলিস শহর অবস্থিত।
প্রতিনিয়ন অবস্থান পরিবর্তনকারী আইএস জঙ্গিদের ওপর হামলা চালিয়ে দমন করা কঠিন বলে তুর্কি সেনাবাহিনী জানিয়েছে। এজন্য পশ্চিমা মিত্রদের আরও বেশি সহায়তা চেয়েছে দেশটি।
আনাদুলের প্রতিবেদনে উল্লেখ করা, আইএসের হামলায় এ পর্যন্ত কিলিস শহরের তুরস্কের ২০ জন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন।
