চীনে ভূমিধসে নিখোঁজ ৩৪
চীনের ফুজিয়ান প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে একটি প্রকল্প এলাকা চাপা পড়ে ৩৪ জন নিখোঁজ রয়েছেন।
রোববার সকালের এ ঘটনায় নির্মাণাধীন ওই জলবিদ্যুৎ প্রকল্প এলাকাটি এক লাখ ঘনমিটার কাদা ও পাথরের নিচে চাপা পড়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া।
ফুজিয়ানের তিইনিং কাউন্টি এলাকার একটি পাহাড়ের ঢালে জলবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছিল। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফুজিয়ানের কর্মকর্তাদের উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে আরেকটি ভূমিধসের ঘটনায় ৭৭ জন জীবন্ত চাপা পড়ে নিহত হয়েছিলেন।
