আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২
আফগানিস্তানের গজনি প্রদেশের একটি মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ফুয়েল ট্যাঙ্কারের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছেন।
স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ৭৩ জনকে গজনির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের সংযোগকারী ওই মহাসড়কটিতে দুর্ঘটনায় পড়া তিনটি গাড়িতেই আগুন ধরে যায়।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সড়ক-মহাসড়কগুলোর অবস্থা খারাপ হওয়ায় এবং ট্র্যাফিক আইন না মানায় দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়।
