আফগানিস্তানে দুই নেটো সেনা নিহত
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরা দুই হামলাকারীর গুলিতে দুই নেটো সেনা নিহত ও অপর একজন আহত হয়েছেন।
শনিবার দেশটির কান্দাহার শহরে এ ঘটনা ঘটেছে বলে নেটোর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
হামলার পর দুই হামলাকারীকেও হত্যা করা হয় বলে বিবৃতিতে জানিয়েছে নেটো।
নেটোর নিহত সেনারা রোমানিয়ার বিশেষ বাহিনীর সদস্য বলে রোমানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
কান্দাহারে আফগান পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার সময় ওই সেনারা হামলার শিকার হন।
ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে এবং ঘটনায় জড়িত আছেন সন্দেহে এক আফগান পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে জিজ্ঞাসবাদ করা হচ্ছে বলে জানিয়েছে নেটো।
আফগানিস্তানে মোতায়েন নেটোর ১২ হাজার ৫০০ সেনার মধ্যে রোমানীয় সেনা প্রায় ৬০০ জন।
আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র দেশটিতে মোতায়েন বিদেশি সেনাদের দিকে তাগ করেছে, সাম্প্রতিক বছরগুলোতে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তবে ইদানিং ‘নীলের মধ্যে সবুজ’ বলে কথিত স্বপক্ষীয় হামলা, যেগুলো সাধারণত নিরাপত্তা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা তালেবান সদস্য বা তাদের সমর্থকরা চালিয়ে থাকেন, কমে গিয়েছিল।
তবে এ হামলা সত্বেও আফগান বাহিনীগুলোকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার মিশন ক্ষতিগ্রস্থ হবে না বলে বিবৃতিতে জানিয়েছে নেটো।
