২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পদ্ধতি ‘কারচুপি ভরা’: ট্রাম্পের সঙ্গে একমত মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থী মনোনয়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মাত্র দু’সপ্তাহ আগেই এ পদ্ধতি ‘কারচুপিতে ভরা’ বলে যে মন্তব্য করেছিলেন রয়টার্স/ইপসোস জরিপে এবার তার সেই কথার সঙ্গেই একমত প্রকাশ করতে দেখা গেছে অর্ধেকেরও বেশি মার্কিনিকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 10:54 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

অর্ধেকের বেশি মার্কিন নাগরিক মনে করে দলগুলো যে ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থী বাছাই করে তা ‘কারচুপিতে’ ভরা। দুই-তৃতীয়াংশ নাগরিক চান প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের বর্তমান এই প্রক্রিয়ায় পরিবর্তন আসুক।

এর আগে রিপাবলিকান দল থেকে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পই কেবল নয় ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী বের্নি স্যান্ডার্সও অভিযোগ করে বলেছিলেন, নেতারা দলের সঙ্গে ঘনিষ্ঠ প্রার্থীদের পক্ষে এবং তাদের বিপক্ষে এ ব্যবস্থাকে ব্যবহার করছে।

রয়টার্সে/ইপসোস মতামত জরিপেও তাদের সেই অভিযোগেরই প্রতিধ্বনি হয়েছে।

২১ থেকে ২৬ এপ্রিল অনলাইনে এই জরিপ পরিচালিত হয়।

জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ মার্কিনি মনে করেন, প্রার্থী নির্বাচনের প্রাথমিক ব্যবস্থা কোনও কোনও প্রার্থীর বিরুদ্ধে ‘কারচুপির’ কৌশল হিসেবে ব্যবহার হয়।

৭১ শতাংশ মার্কিনি মনে করে সরাসরি ভোটারদের ভোটে দলীয় প্রার্থী নির্বাচন করা উচিত।  মাঝে ডেলিগেটদের হস্তক্ষেপের বিষয়টি বাদ দিয়ে দেওয়া দরকার।

জরিপে আরো দেখা গেছে, ২৭ শতাংশ ভোটার জানে না প্রার্থী বাছাইয়ের প্রাইমারি ব্যবস্থাটি আসলে কি। ৪৪ শতাংশ মানুষ বুঝতে পারে না কেন ডেলিগেটদের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।

জরিপে অংশ গ্রহণকারী প্রায় অর্ধেক নাগরিকই চায়, একইদিনে সব রাজ্যে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হোক।

প্রার্থী বাছাইয়ের বর্তমান প্রক্রিয়া আসলেই স্বচ্ছ কিনা তা নিয়ে এখন যুক্তরাষ্ট্র বিতর্ক ‍শুরু হয়েছে।

বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম, যেখানে প্রেসিডেন্ট প্রার্থী বাছাই প্রক্রিয়াও ভোটারদের উপর ছেড়ে দেওয়া হয়।

কিন্তু রাজ্য ধরে ধরে প্রাইমারি, ককাস ও কনভেনশনের আয়োজন করতে বেশ জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। বিভিন্ন রাজ্যে এক্ষেত্রে নিয়ম কানুনও আলাদা।

আর ডেলিগেট ভোটের মধ্যে দলীয় নেতাদের ক্ষমতা দেখানোর সুযোগও এই ব্যবস্থায় রয়েছে।

উপরের দুই ব্যবস্থার পরও যদি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে লড়াই খুব হাড্ডা-হাড্ডি হয় তবে দলীয় সম্মেলনে ডেলিগেটদের ভোটের মাধ্যমে সেখানেই একজন প্রার্থী বেছে নেওয়া হয়।